২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আনসার হত‌্যা: গ্রেপ্তার যুবককে আসামি করে মামলা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস‌্য নিহতের ঘটনায় গ্রেপ্তার যুবককে আসামি করে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

শাহজালালে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আশরাফুল আলম বাদী হয়ে সোমবার বিকালে মামলাটি দায়ের করেন বলে বিমানবন্দর থানার ওসি নুরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মামলার একমাত্র আসামি শিহাব বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। রোববার সন্ধ‌্যার পর ছুরি হাতে নিরাপত্তা রক্ষীদের উপর চড়াও হওয়ার পর আহতাবস্থায় গ্রেপ্তার হন তিনি।

কী কারণে ওই যুবক ছুরি নিয়ে বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালিয়েছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই ঘটনার তদন্ত করবে বলে এপিবিএনের সহকারী সুপার তানজীলা আক্তার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

এদিকে ঘটনা তদন্তে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা বাহিনী এপিবিএনের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বিমানবন্দরে এপিবিএনের অধিনায়ক রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ‌্য জানিয়েছেন।

অন‌্যদিকে দেশের প্রধান বিমানবন্দরের এই ঘটনাটি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার সন্ধ্যার পর শিহাব নামে ওই যুবক বিমানবন্দরের বহির্গমন পথ দিয়ে জোর করে ঢুকে। তাকে বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আনসারের দুই সদস‌্য এবং এপিবিএনের দুই সদস‌্য আহত হন।

আনসার সদস্য সোহাগ আলী পরে কুর্মিটোলা হাসপাতালে মারা যান।

পুরনো খবর:

শাহজালাল বিমানবন্দরে যুবকের ছুরিতে আনসার সদস‌্য নিহত