বিমানবন্দরে হামলাকারী যুবককে চেনে না কেউ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি নিয়ে চড়াও হওয়া যুবক কোত্থেকে এসেছিলেন কিংবা তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য মেলেনি।
শিহাব নামে ওই যুবককে আগে কখনও দেখা যায়নি বলে জানিয়েছেন বিমানবন্দর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
রোববার সন্ধ্যার পর ওই যুবক জোর করে দেশের প্রধান বিমানবন্দরের বহির্গমন ফটক দিয়ে ঢুকে ছুরি নিয়ে চড়াও হন নিরাপত্তা রক্ষীদের উপর।
তার ছুরিকাঘাতে এক আনসার সদস্য নিহত এবং আরও তিনজন নিরাপত্তা রক্ষী আহত হন।
আহত অবস্থায় ওই যুবককে গ্রেপ্তারের পর পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্রেপ্তারের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জানিয়ে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে সে জানিয়েছে, তার নাম শিহাব। বিস্তারিত কোন পরিচয় জানাতে পারছে না সে।”
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন কৌশলে যুবকের পরিচয় জানার চেষ্টা করছেন তারা। কিন্তু এখনও সফল হননি।
অসুস্থ থাকায় তাকে বেশি জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা এজাজ। সেরে ওঠার পর তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি রয়েছে পুলিশের।
এজাজ বলেন, “আমরা অনেকগুলো সোর্সের মাধ্যমে তার বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ওই যুবককে আগে কোনোদিন বিমানবন্দর এলাকায় দেখা যায়নি।”
বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কোম্পানি এ কে ট্রেডার্সের কর্মীদের মতো হলুদ রঙের গেঞ্জি পরা ছিলেন ওই যুবক।
তবে বিমানবন্দরে দায়িত্বরত আনসার বাহিনীর সহকারী সুপার তানজীলা আক্তার রোববারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, যুবকটি এ কে ট্রেডার্সের কর্মী নন বলে নিশ্চিত হয়েছেন তারা।
এ কে ট্রেডার্সের বিমানবন্দরের দায়িত্বে থাকা সুপারভাইজার মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, যুবকটি যে হলুদ রংয়ের পোশাক পরেছিল, তা এ কে ট্রেডার্সের না। তাকে আগে কখনোই বিমানবন্দরে দেখা যায়নি।”
তিনি জানান, পরিচ্ছন্নতার জন্য প্রতিদিন তাদের ২৮৫ জন কর্মী কাজ করেন। কাজ শুরুর আগে সকালে সবাইকে আচরণবিধি শিখিয়ে দেওয়া হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার যুবকের হামলার পরে তোলা ছবি
শিহাব নামে ওই যুবক মানসিকভাবে অসুস্থ বলেও খবর ছড়িয়েছিল। তবে তাকে দেখে সেরকম মনে হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটিকে দেখে মানসিক প্রতিবন্ধী মনে হয়নি। তার কথা-বার্তা অনেকটাই স্বাভাবিক।”
ডা. জেসমিন বলেন, যুবকটি মাথায় কাটা দাগ নিয়ে এসেছিল। সেখানে একটা সেলাই দেওয়া হয়েছে। ডান পায়ের উরুতেও সামান্য কাটাছেড়া ছিল। এখন তার অবস্থা আগের চেয়ে ভালো।
সোমবার শাহজালালে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আশরাফুল আলম বাদী হয়ে সহকর্মী হত্যাকাণ্ডের ঘটনায় শিহাবকে আসামি করে একটি মামলা করেন।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এই ঘটনার তদন্ত করবে বলে এপিবিএনের সহকারী সুপার তানজীলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
এদিকে ঘটনা তদন্তে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা বাহিনী এপিবিএনের সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
অন্যদিকে দেশের প্রধান বিমানবন্দরের এই ঘটনাটি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।
