২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলায় গ্রেপ্তার ২

পুরান ঢাকায় অবৈধ পলিথিন কারখানা নিয়ে প্রতিবেদন করতে গিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সনকে মারধর ও পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 02:11 PM

পুলিশ বলছে, গ্রেপ্তার শাওন ও অভি দুজনই অবৈধ পলিথিন কারখানায় কাজ করা শ্রমিক।

সোমবার রাত সোয়া ৯টার দিকে পুরান ঢাকার দেবীদাস ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের চকবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কানিজ ফাতেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যে কারখানার কাছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা হয়, গ্রেপ্তার দুজন ওই কারখানার শ্রমিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুরান ঢাকায় অবৈধ পলিথিন কারখানায় ওপর অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে রোববার হামলার শিকার হন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপার্সন শাহিন আলম।

আট থেকে ১০ জনের একটি দল তাদেরকে মারধর করে ক্যামেরা ভেঙে ফেলে। পরে শাকিলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় ইতোমধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সাংবাদিকতার শিক্ষীর্থীরা।

ঘটনার প্রতিবাদে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে বিশ্ববিদল্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুরনো খবর:

পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলা
‘গণমাধ‌্যমে আক্রমণ মানে স্বাধীনতায় আক্রমণ’