২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণমাধ‌্যমে আক্রমণ মানে স্বাধীনতায় আক্রমণ’

পুরান ঢাকায় যমুনা টেলিভিশনের সাংবাদিক ও ক‌্যামেরা পারসনকে মারধর ও গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত‌্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 05:20 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

সোমবার সকালে বিশ্ববিদ‌্যালয়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা সাধারণ মানুষের স্বাধীনতার শামিল। গণমাধ্যমের উপর আক্রমণ মানে স্বাধীনতার উপর আক্রমণ।

“আমরা সরকারের কাছে এই স্বাধীনতা রক্ষার দাবি জানাই। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

পুরান ঢাকায় অবৈধ পলিথিন কারখানায় ওপর অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গিয়ে রোববার হামলার শিকার হন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহিন আলম।

তাদেরকে মারধর করে ক‌্যামেরা ভেঙে ফেলা হয়। পরে শাকিলের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “সাংবাদিকরা কোনো ঘটনার প্রতিবেদন দেবে, এটাই গণমাধ্যমের কর্তব্য। ভুল হলে সংশোধন ছাপা হবে, না হলে আদালত আছে। কিন্তু তাদের উপর কেরোসিন ঢেলে দেওয়া অমানবিক।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান বলেন, “পেশাগত কাজের জন্য গিয়ে যদি সাংবাদিকরা আক্রমণের শিকার হয়, তাহলে তারা কোন স্বাধীনতা নিয়ে কাজ করবে? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। শুধু সাংবাদিক নয়, কারও জন‌্যই এই ঘটনা কাম্য নয়।”

সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, “যে ঘটনা ঘটেছে তা ভাষায় প্রকাশ করা যায়না। একটা দেশের গণতন্ত্র কতটা আছে তা সেই দেশের গণমাধ্যম কতটা স্বাধীন তার উপর নির্ভর করে। যারা অপরাধ করছে তাদের শাস্তি দেওয়া না হলে এই ঘটনা আরও ঘটবে। তাই তাদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।”

বর্তমানে তরুণ সাংবাদিকতাকে যারা বিকশিত করছেন, শাকিলকে তাদের একজন আখ‌্যায়িত তার সহপাঠী সুলাইমান নিলয় বলেন, “দেশের উন্নয়ন ও নতুন প্রজন্মের অগ্রযাত্রার খবর জনগণের সামনে তুলে ধরা তাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে শাকিলে ওপর হামলা হয়েছে, এর নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাবেক সভাপতি হাসান নিটোল, সাবেক সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক সাদ্দাম হোসাইন, যমুনা টেলিভিশনের মনিরুল ইসলাম, সমিতির বর্তমান সভাপতি ফরহাদ উদ্দীন প্রমুখ।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

পুরনো খবর:

পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলা