পুরান ঢাকায় সাংবাদিকের ওপর হামলা
অবৈধ পলিথিন তৈরির বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে কারখানার শ্রমিকদের হামলায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার দেবীদাস লেনে এ ঘটনা ঘটে বলে শাকিল জানিয়েছেন।
যমুনা টেলিভিশনের এই জ্যেষ্ঠ সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলিথিন তৈরির কারখানার সন্ধানে তারা দেবীদাস লেনে গিয়েছিলেন।
“জব্বার ও রহিম নামের দুই ব্যক্তির মালিকানাধীন একটি কারখানার সন্ধান পেয়ে আমরা ছবি তুলতে গেলে কারাখানার লোকজন বাধা দেয়।
“বাধা পেয়ে চলে আসার সময় পেছন থেকে ৮/১০ জন লোক আমাদের ওপর হামলা চালায়।”
শাকিল জানান, হামলাকারীরা তাদেরকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে এবং তার ওপর কেরোসিন ঢেলে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই সংবাদকর্মীকে উদ্ধার করে বলে চকবাজার জোনের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার কানিজ ফাতেমা জানান।
“এই ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে,” বলেন পুলিশের এই কর্মকর্তা।
