বাড্ডায় ৪ খুন: গ্রেপ্তার আরও এক
গত বছর ঢাকার বাড্ডায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ চার জনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উজ্জল (২০) নামের যুবককে সোমবার রাতে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানিয়েছেন।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল চার হত্যার ঘটনায় সহযোগিতা করেছিল বলে স্বীকার করেছে।
ডিএমপির উপকমিশনার শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই হত্যায় গোয়েন্দারা অন্তত দশ জনকে গ্রেপ্তার করেছে, যাদের তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
হত্যাকাণ্ডের কারণ নির্ণয় করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “জিজ্ঞাসাবাদে তারা বলেছে, ওই এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের ছোড়া গুলিতে চার জন মারা গেছেন।”
গত বছরের ১৩ অগাস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে সরকার সমর্থক কয়েকজন আড্ডা দেওয়ার সময় তাদের ওপর গুলি ছোড়া হলে ঘটনাস্থল থেকে আহত চার জনকে হাসপাতালে নেওয়া হয়।
রাতেই ঢাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসু মোল্লা (৫৩) এবং উত্তর বাড্ডার নির্মাণাধীন বেসরকারি হাসপাতাল এইচ এ এফ-এর তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিকের (৪৫) মৃত্যু হয়।
পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাহিত্য বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান গামা (৪০)। এর ১০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুবলীগ নেতা আবদুস সালামের (৪০) মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করেন। এক বছর পর গত ২৭ অগাস্ট মামলার প্রধান আসামি হারুনুর রশিদ জুয়েলসহ ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাকিরা হলেন- মোজাহিদুল ইসলাম, সাফায়েত উল্লাহ, রাহাত হোসেন কাব্য, ইকবাল আহম্মেদ ও শাহ পরান হোসেন রাজু।
ওই মামলায় প্রথমে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। পরে প্রধান আসামি হিসেবে জুয়েলের নাম আসে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির পরিদর্শক ফজলুর রহমান বলেন, জুয়েল ছাড়াও নুরু ও নয়ন নামে গ্রেপ্তারকৃত দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জরিড়ত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
আসামিদের মধ্যে জুয়েল ও মোজাহিদুলকে পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে করা আরেকটি মামলায় আসামি করা হয়েছে।
