ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ
পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অনিয়মের ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে তদন্তকারীদের একটি দল মঙ্গলবার কারওয়ান বাজারের ওয়াসা ভবনে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়াসার এমডির বিরুদ্ধে ওয়াসার একটি পানি শোধনাগার প্রকল্পের সরঞ্জাম কেনার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। এর অংশ হিসেবে দুদকের তদন্তকারীরা ওয়াসা কার্যালয়ে গিয়ে এমডিকে জিজ্ঞাসাবাদ করেন।”
ঢাকা ওয়াসার পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের জন্য দরপত্র ও ভেটিং (দরকষাকষি) ছাড়াই নিম্নমানের পাইপ আমদানির মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগে গতবছর ফেব্রুয়ারিতে তাকসিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
এছাড়া নিয়োগ বাণিজ্য, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও বিদেশ ভ্রমনে অনিয়মসহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে গণমাধ্যমে তাকসিমের বিরুদ্ধে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে এসব অভিযোগ তদন্ত করতে দেখারও সুপারিশ করেছিল।
তাকসিমের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ভেটিংয়ের সুযোগ থাকা সত্ত্বেও তা না করা এবং জমি অধিগ্রহণ ও পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার আগেই পাইপ আমদানির ফলে এ প্রকল্পে সরকারের প্রায় তিনশ পঞ্চাশ কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
কয়েক দফা তলবের পর গতবছর মে মাসে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হয়েছিলেন ওয়াসার এমডি। সে সময় তাকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।
