২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসা এমডির বিরুদ্ধে অভিযোগ তদন্তের সুপারিশ

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দুর্নীতি সম্পর্কিত গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে মন্ত্রণালয়কে তদন্ত করতে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2015, 09:31 PM

Updated : 22 Aug 2022, 12:18 PM

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা মন্ত্রণালয়কে এ বিষয়ে তদন্ত করতে বলেছি। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন কমিটিতে জমা দিতে বলা হয়েছে। এর পর কমিটি সুপারিশ চূড়ান্ত করবে।”

Image
WASA hints at water tariff hike

WASA hints at water tariff hike

নিয়োগ বাণিজ্য, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও বিদেশ ভ্রমনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে গণমাধ্যমে তাকসিমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ হয়।

ঢাকা ওয়াসার চলমান পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের জন্য দরপত্র ও ভেটিং (দরকষাকষি) ছাড়াই নিম্নমানের পাইপ আমদানির মাধ্যমে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে তাকসিমের বিরুদ্ধে।

গত ১৪ মে তলবের তিন মাস পর দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশনের খাতওয়ারি ব্যয়ের হিসাব প্রতিবেদন আকারে এবং ঢাকা ওয়াসার উন্নয়ন প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ তালিকা বিবরণসহ সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা পরিষদের অনুকূলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সাধারন এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে সমতা বিধানের সুপারিশ করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আমব্রেলা প্রকল্পের নতুন অর্থ বছরে যে প্রকল্প নেওয়া হয়েছে সেখান থেকে সব সংসদ সদস্যদের জন্য ২০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়।

আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান ও ফজলে হোসেন বাদশা অংশ নেন।