দুবাইয়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় প্রতিবন্ধী ক্রিকেটাররা
গত বছর ইংল্যান্ডকে হারানোর স্মৃতি, দেশে প্রস্তুতি ম্যাচে বিকেএসপির বয়সভিত্তিক নিয়মিত দলকে দুইবার হারানোর পর দুবাই যাওয়া আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের প্রধান চ্যালেঞ্জ সেখানকার কন্ডিশন, এমনটাই মনে করছেন খেলোয়াড় ও কোচ।
১৬ সদস্যের যে দল দুবাইয়ে গেছে, তাদের কারোরই সেখানে খেলার অভিজ্ঞতা নেই- যা রয়েছে ইংল্যান্ড দলের।
তাই গত বছর দেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ দলের জন্য এবার নতুন পরিস্থিতি ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধান কোচ মাসুদ হাসান। তবে প্রথম অনুশীলনের পর তা কেটে যায় কিছুটা।
মাসুদ হাসান বলেন, “যেভাবে একজস্টেড হবে বলে মনে করেছিলাম, তা হয়নি। তবে এটা বিকালের কারণেও হতে পারে। নেট প্র্যাকটিস করলাম। মূল মাঠ সম্পর্কেতো এখনো ধারণা হয়নি। নেটে দেখলাম, এখানে স্পিন ভালো কাজ করছে।”
অনুশীলনের মাধ্যমে কিছুটা ধারণা হলেও নতুন এই পরিবেশে ব্যাটিং নিয়ে কিছুটা দোলাচলের কথা জানিয়ে কোচ বলেন, “দলের বোলিং খুবই ভালো। তিন চারজন ব্যাটসম্যান, এখনও বলতে পারছি না যে তারা ভালো করবে কি-না।”
এরপর শনিবার সকালে ফের পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুরে টুর্নামেন্টের এই পর্বে দ্বিতীয় বারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
ছয় ম্যাচের এই পর্ব থেকে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। আগামী ২৪ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
ত্রি-দেশীয় এই টুর্নামেন্ট খেলতে তিনটি দলই এরই মধ্যে দুবাই পৌঁছে গেছে। বুধবার বিকালে তিন দলই নেট-অনুশীলনে অংশ নিয়েছে।
সোমবার এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন টেকনিকাল অ্যাডভাইজার নাজমুল আবেদীন, প্রধান কোচ ও ম্যানেজার মাসুদ হাসান, ফিজিও মুজাদ্দেদ আলফে সানী।
গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা পরিষদের (বিকেএসপি) সহযোগিতায় এই আয়োজন করা হয়।
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো গত বছর আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে ঢাকায়, আয়োজক আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নিয়েছিল ভারত ও আফগানিস্তান।
আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণ সূচনা করে। তবে পরের দিনই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ২০ রানে পাকিস্তানের কাছে হেরে যায়।
উত্তেজনা ছড়ানো পরের ম্যাচে শেষ ওভারে গিয়ে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। অবশ্য শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।
সফল সেই আয়োজনে সুখস্মৃতি থেকেই দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজনটি করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।
বাংলাদেশ দলের সঙ্গে আইসিআরসির ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমানও রয়েছেন।
বাংলাদেশ দল: মো. আলম খান (অধিনায়ক), অপূর্ব কুমার পাল (সহ-অধিনায়ক), এসএম শাহরিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।
