প্রতিবন্ধীদের ত্রি-দেশীয় টি-টোয়েন্টি শুরু হচ্ছে বৃহস্পতিবার
বাংলাদেশ, ইংল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শারীরিক প্রতিবন্ধীদের এবারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার।
বাংলাদেশ সময় বেলা ১২টায় দুবাইয়ের স্থানীয় সময় সকাল ১০টায় আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান ও ইংল্যান্ড মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় এবং দুবাইয়ের সময় দুপুর ২টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
শুক্রবার দুবাই সময় সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চতুর্থ খেলায় শুক্রবার দুপুর ২টায় ফের মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।
শনিবার দুবাই সময় সকাল ১০টায় ফের পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টায় ফের ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
৬ ম্যাচের এই পর্ব থেকে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। আগামী ২৪ অক্টোবর শারজায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ত্রি-দেশীয় এই টুর্নামেন্ট খেলতে তিনটি দলই এরইমধ্যে দুবাই পৌঁছেছে। বুধবার বিকালে তিন দলই নেট-প্রাকটিসে অংশ নিয়েছে।
সোমবার এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে দুবাই পৌঁছায় বাংলাদেশ দল। দলের সঙ্গে রয়েছেন টেকনিক্যাল অ্যাডভাইজার নাজমুল আবেদীন, প্রধান কোচ ও ম্যানেজার মাসুদ হাসান, ফিজিও মুজাদ্দেদ আলফে সানী।
গত মে মাসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়দের বাছাই করা হয়।
শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো গত বছর ঢাকায় আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর বসে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে।
টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ছাড়াও অংশ নেয় ভারত ও আফগানিস্তান।
আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দারুণ সূচনা করে। তবে পরের দিনই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ২০ রানে পাকিস্তানের কাছে হেরে যায়।
উত্তেজনা ছড়ানো পরের ম্যাচে শেষ ওভারে গিয়ে বাংলাদেশকে ৩ উইকেটে হারায় আফগানিস্তান। অবশ্য শেষ ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।
ওই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ১৯ রানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ওই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেই আয়োজন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।
সফল সেই আয়োজনের সুখস্মৃতি থেকেই দুবাইয়ে এ টুর্নামেন্টের আয়োজনটি করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ দলকে এবারও সহযোগিতা দিচ্ছে আইসিআরসি।
বাংলাদেশ দলের সঙ্গে আইসিআরসির ফিজিক্যাল রিহেবিলিটেশন প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমানও রয়েছেন।
বাংলাদেশ দল: মো. আলম খান (অধিনায়ক), অপূর্ব কুমার পাল (সহ-অধিনায়ক), এসএম শাহরিয়া শামীম, মো. মনিরুজ্জামান, মো. আমিন উদ্দিন, দ্রুপম পত্রনবিশ তীর্থ, মো. রাসেল শিকদার, মো. জাহিদ হাসান, ফয়সাল খান সুমিত, মোশাররফ হোসেন, রিয়াদুল ইসলাম রিঙ্কু, জাভেদ ভূইয়া, মো. আকবর, হোসেন সাজ্জাদ, মোজাম্মেল হক বাবু।
