২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী মাদ্রাসা কেন স্বীকৃতি পাচ্ছে না, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

সারাদেশে ছড়িয়ে থাকা কওমী মাদ্রাসাগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও না মেলায় প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 12:06 AM

Updated : 11 Oct 2022, 08:54 PM

পুরনো খবর:

কওমী শিক্ষার্থীদের সনদে স্বীকৃতির উদ্যোগে গতি

“কওমী মাদ্রাসা স্বীকৃতির বিষয়ে সবাই একমত, কিন্তু তারপরও কেন জানি হচ্ছে না। সারাদেশের এমন কোনো উপজেলা ইউনিয়ন নেই, যেখানে কওমি মাদ্রাসা নাই। তারা কেন স্বীকৃতি পাবে না, এটা আমার মনেও প্রশ্ন এসেছে।”

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘কওমী মাদ্রাসা শিক্ষাসনদ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুধু ইসলাম ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোকে অনেকে ‘জঙ্গি তৈরির কারখানা’ আখ‌্যায়িত করলেও আসাদুজ্জামান কামাল তা মনে করেন না।

“আমরা (সরকার) আপনাদের বলেছি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন, যারা ইসলাম কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে কথা বলুন। আপনারা সে কাজটি করছেন।”

কওমী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিতে সরকার চায় জানিয়ে এই বিষয়ে জটিলতার নিরসন ঘটাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের আলোচনার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“গত কেবিনেটে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম। কিছু ভুল বোঝাবুঝি জন্য, কিছু বিতর্ক সামনে এসে গিয়েছিল। সেজন্য এটা বাধাপ্রাপ্ত হয়েছিল।”

“আপনারা (আলেম-ওলামা) মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বসুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনাদের বিশ্বাস করেন, দাবি অপূরণ থাকবে না বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের পাশাপাশি মাওলানা ফরীদউদ্দীন মাসঊদও ছিলেন।