২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬১ কেজি সোনা: মোহাম্মদ আলীর জামিন স্থগিত

রাজধানীর পল্টন এলাকা থেকে ৬১ কেজি সোনাসহ বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধারের মামলার প্রধান আসামি এসকে মোহাম্মদ আলীকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার ওই স্থগিতাদেশ দিয়ে আগামী ২ নভেম্বর শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

আসামিপক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার।

২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরান পল্টনের দুটি ফ্ল্যাট থেকে শুল্ক গোয়েন্দারা ৬১ কেজি ৫০০ গ্রাম ওজনের ৫২৮টি সোনার বার এবং আট কোটি ৫৬ লাখ টাকা মূল্যমানের পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

ওইদিন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ফ্ল্যাটের মালিক মোহাম্মদ আলীকে (৬৫)।

তাকে গত ১৩ অক্টোবর জামিন দেয় হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ। রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার তা স্থগিত হয়ে গেল।