২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে র‌্যাবের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

পুলিশের বিরুদ্ধে র‌্যাব যে অভিযোগ তুলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 06:14 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

তবে র‌্যাবের মহাপরিচালক তাকে ডিঙিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি বলে জানান পুলিশপ্রধান।

র‌্যাব পুলিশের অধীন একটি বিশেষ বাহিনী হলেও এতে সামরিক বাহিনী থেকে এসে কর্মকর্তারা কাজ করেন। তবে বাহিনীর প্রধানের দায়িত্বে থাকেন আইজিপির নিচের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কোনো কর্মকর্তা।

সম্প্রতি একটি দৈনিকে খবর আসে যে, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ছয়টি ঘটনা উল্লেখ করে র‌্যাবের কার্যক্রমে বাধা এবং পুলিশ কর্তৃক র‌্যাব সদস‌্যদের নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

বৃহস্পতিবার ‘বিডি পুলিশ হেল্প লাইন’ নামে পুলিশের একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন পুলিশ প্রধান শহীদুল হক।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল- “র‌্যাবের মহাপরিচালক মন্ত্রণালয়ে একটি অভিযোগ করেছেন, যাতে তিনি বলেছেন পুলিশ ও র‌্যাবের মধ্যে যে কার্যক্রম চলছে, তাতে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আপনার প্রতিক্রিয়া কী?”

তখন শহীদুল হক বলেন, “ডিজি র‌্যাব মন্ত্রণালয়ে কোনো অভিযোগ করেননি। এটা আপনি (সাংবাদিক) ভুল তথ্য দিয়েছেন। ডিজি র‌্যাব আইজিকে বাদ দিয়ে ডাইরেক্ট মন্ত্রণালয়ে অভিযোগ করেননি।

“ডিজি র‌্যাব আমার কাছে লিখছে, তা দেখা হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে আর কিছু বলতে অনীহা জানিয়ে পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, “আপাতত অ্যাপসের মধ্যে সীমাবদ্ধ থাকেন।”