২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের সঙ্গে ‘উৎপাদন সহযোগিতা’ চুক্তির খসড়া অনুমোদন

উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশে ও চীনের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত উৎপাদনশীলতা সহযোগিতা উন্নয়ন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তির খসড়া’ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “দুই দেশের মধ্যে ক্যাপাসিটি ও প্রোডাকটিভিটি বাড়াতে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তৈরি করা হয়েছে, সেটি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।”

চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় এই চুক্তি হবে জানিয়ে শফিউল বলেন, “টেকনোলজি ট্রান্সফার চীনের কাছ থেকে শেখার আছে। সেই বিষয়গুলো আমরা শিখতে পারব।”

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

তার ওই সফরে দুই দেশের মধ‌্যে ‘রেকর্ড পরিমাণ’ অর্থের ঋণচুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে ইতোমধ‌্যে আভাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশের বর্তমান সরকার চীনমুখী অর্থনীতিতে মনোযোগী। চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত ব্রিকস ব‌্যাংকেও যোগ দিয়েছে বাংলাদেশ।

নাফ নদীর অংশে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত চিহ্নিত করে সম্পাদিত একটি চুক্তিতেও মন্ত্রিসভা এদিন অনুসমর্থন দিয়েছে।

শফিউল বলেন, “সীমান্ত আগের মতই আছে। কোন জায়গা থেকে কি হবে তা আগেই তৈরি করা আছে। এটার রেটিফিকেশন (অনুসমর্থন) বাকি ছিল কারণ তাদের (মিয়ানমার) তো পলিটিক্যাল গভার্নমেন্ট ছিল না। এখন পলিটিক্যাল গভার্নমেন্ট এসেছে, তারা অনুরোধ করেছে অনুসমর্থন করার জন্য।”