২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ভয় কাটছে: মেয়র আনিসুল

হলি আর্টিজান বেকারিতে হামলার কারণে কূটনীতিকসহ বিদেশিদের মনে তৈরি হওয়া ভয় সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দূর হতে শুরু করেছে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 09:12 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

বুধবার গুলশানের ব‌্যবসা-বাণিজ‌্য ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় নিজের এই পর্যবেক্ষণের কথা জানান তিনি।

সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি, কূটনীতিক, শীর্ষ ব‌্যবসায়ী নেতা, পুলিশ-গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, গুলশান-বনানী সোসাইটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসন নাগরিকদের জন‌্য কী কাজ করছে, গুলশান হামলার পর কূটনীতিক এলাকার নিরাপত্তা পরিস্থিতিতে কী অগ্রগতি এসেছে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

“যেহেতু বিদেশি কূটনীতিকদের অধিকাংশই গুলশান এলাকায় থাকেন বা অফিস করেন তাই আলোচনায় তাদের সংযুক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে শুনেছি এবং আমরা আমাদের কথা বলেছি।”

বিদেশিদের নিরাপত্তায় আর কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে কূটনীতিকদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে বলেও জানান ঢাকা উত্তরের মেয়র।

গত ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার পর নিরাপত্তা নিয়ে বিদেশিদের উদ্বেগের প্রসঙ্গে আনিসুল হক বলেন, “বিদেশিরা অত‌্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। এমনকি অনেকে ২৪ ঘণ্টার মধ‌্যে ঢাকা ছেড়ে গিয়েছিলেন।

“সাড়ে তিন মাসের মাথায় সেই পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সরকার, পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে এতে তাদের ভয় কেটে গেছে। আমাদের মাঝে ভয়ের যে ধারণা জন্মেছে, এখন তা দূর করতে হবে।”

নিরাপত্তার বিষয়ে প্রয়োজনে পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করতে হবে মন্তব্য করেন তিনি।

দেশে গত কয়েক বছর ধরে একের পর এক ‘টার্গেট কিলিং’ চলার সময় দুই বিদেশিকে হত্যার পাশাপাশি আরও কয়েক বিদেশির ওপর হামলার পর চলতি বছরের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিত জঙ্গি হামলায় হত্যা করা ২০ জনের মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি।

এরপর জঙ্গি দমনে রাজধানীসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু তৎপরতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে কূটনীতিক পাড়া হিসেবে পরিচিত গুলশান এলাকার বেশ কিছু সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা হয়।

মতবিনিময় সভায় সড়কের প্রতিবন্ধকতা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা তা জানতে চাইলে মেয়র আনিসুল হক বলেন, “কোনো ঘটনা ঘটলে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি যুক্তরাষ্ট্রসহ সব দেশেই কম বেশি দেখা যায়। নিরাপত্তার স্বার্থে এই কাজটি সবাইকে মেনে নিতে হবে।”

সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের পর কূটনীতিকদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে বলে কূটনীতিকদের পক্ষ থেকে জানান সুইডেনের রাষ্ট্রদূত।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, “কূটনীতিকরা মান সম্পন্ন নিরাপত্তার কথা বলেছেন, পুলিশের যানবাহনসহ তাদের ইক‌্যুইপমেন্ট আরও উন্নত করার কথা বলেছেন। বিষয়টি আমাদের নলেজে আছে। আমরা এই বিষয়টি নিয়েও ভাবছি।”

এদিকে হলি আর্টিজানে হামলার পর গুলশান এলাকার হোটেল-রেস্তোরাঁ ব‌্যবসায় বড় ধস নামলেও রপ্তানিতে তেমন প্রভাব পড়েনি বলে মনে করেন মেয়র আনিসুল।

“গুলশান এলাকার রেস্টুরেন্ট ব‌্যবসা কমে ৪/৫ শতাংশ নেমে এসেছিল এটা সত‌্য। তবে সময়ের ব‌্যবধানে সেই পরিস্থিতি কেটে গেছে। এখন হোটেলগুলোতে বুকিং আবার ৮০/৯০ শতাংশে উঠেছে।”

সরকারের নিরাপত্তা পদক্ষেপে সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পেশাদারিত্ব সহকারে কাজ করতে হবে।

“যা যা করা হয়েছে তা নিয়ে আমরা অনেক বেশি গ্রেইটফুল। কিন্তু আমি এখানে সেটিসফাইড কথাটি বলতে চাচ্ছিনা। কারণ যদি বলি সন্তুষ্ট তাইলে আমরা আবার রিলাক্স হয়ে যাব, সেটা হবে মারাত্মক ক্ষতিকারক।”

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন রাষ্ট্রদূত বার্নিকাট।

তিনি বলেন, “আমার পরামর্শ হচ্ছে, আমরা সবাই মিলে এধরনের তপরতার বিরুদ্ধে এক সঙ্গে কাজ করতে চাই। আমরা বলেছি আমরা এনিয়ে একসঙ্গে কাজ করতে চাই।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন, বর্তমান সভাপতি মাতলুব আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন সোসাইটির নেতারা, ডিএমপি কমিশনার, এনএসআই’র মহাপরিচালক ও কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।