মাদারীপুরের এসপিসহ ৪ পুলিশের বিরুদ্ধে রুল
সরকারি গাছ চুরির অভিযোগসহ বিভিন্ন কারণে দায়ের করা চার মামলার আসামিদের গ্রেপ্তার না করায় মাদারীপুরের পুলিশ সুপারসহ চার কর্মকর্তার বিরুদ্ধে রুল দিয়েছে হাই কোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোশতাক আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা মো. ইশতিয়াক আহমেদের করা রিট আবেদনের একটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই রুল দেয়।
রুলে উদ্দেশ্যমূলকভাবে চার মামলার আসামিদের গ্রেপ্তার না করায় দণ্ডবিধির ২২১ অনুসারে মাদারীপুরের জেলা পুলিশ সুপার, রাজৈর থানার ওসি এবং দুই এসআই গাজী রমজানুল হক ও সদানন্দ বৈদ্যর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ওই চারজনের পাশাপাশি জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, বন সচিব, পুলিশের মহাপরিদর্শক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, মাদারীপুরের জেলা প্রশাসক, রাজৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে বিধান বিশ্বাসসহ অন্য আসামি এবং তাদের আশ্রয়দাতাদের গ্রেপ্তারে এই চার পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য তাদেরকে এক সপ্তাহ সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মূল রিট আবেদনে রুল ও আদেশ দিয়েছিল হাই কোর্ট।
রুলে হাই কোর্টের এক বিচারপতির কর্তৃত্ব, সম্মান ও মর্যাদাকে হেয় করে করা বেআইনি সমাবেশ (মানববন্ধন) ঠেকাতে ১৩ বিবাদীর ব্যর্থতাকে কেন তাদের ইচ্ছাকৃত ব্যর্থতা ও পেশাগত ও বিধিবদ্ধ দায়িত্বে অবহেলা হিসাবে ঘোষণা করা হবে না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি ওই বেআইনি সমাবেশের সদস্য, সংগঠক, উস্কানিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে নির্দেশনা কেন দেওয়া হবে না এবং দুর্দশাগ্রস্ত ও দরিদ্র নারীদের জন্য দেওয়া ভিজিডির চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না, তা জানাতেও রুল দিয়েছিলো আদালত।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরকে নিয়ে ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রাজৈরের কদমবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মামলা হয়েছে।
ওই চেয়ারম্যান সম্প্রতি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বিরুদ্ধে মানববন্ধন আয়োজনের পর সেই ছবি নিজের ফেইসবুকেও তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে আইনজীবী সুজিত চ্যাটার্জির করা ওই মামলায়।
বিধান বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় আড়ুয়াকান্দি গ্রামের একটি মন্দির থেকে ১৬০ ভোল্টের সোলার প্যানেল চুরি করে তা নিজের শ্বশুরবাড়িতে স্থাপনের অভিযোগ রয়েছে। ওই ইউনিয়নের বিভিন্ন স্থানের সরকারি জায়গা থেকে চারটি গাছ কেটে ব্যক্তিগত ভবনে ব্যবহার এবং ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগও আছে তার বিরুদ্ধে।
নিজের এলাকার ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও তারা কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বলে জানান বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।
এরপর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি মামলা করে। মামলা হওয়ার পর ‘বিচারপতির বিচার চেয়ে’ ওই মানববন্ধন করা হয়।
