২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি গোবিন্দের স্বজনদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ

হাই কোর্টের বিচারপতির গোবিন্দ চন্দ্র ঠাকুরের মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে বসবাসরত স্বজনদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 05:35 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর বেঞ্চ এই নির্দেশ দেয়।

পুলিশের মহাপরিদর্শক, জেলা পুলিশ সুপার, রাজৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক সদানন্দ বৈদ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

একই বিবাদীদের ওই বিচারকের বিরুদ্ধে বেআইনিভাবে করা মানববন্ধনে অংশগ্রহণকারী ৩৭ জনের সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতেও নির্দেশ দিয়েছে আদালত।

হাই কোর্টের এক বিচারপতির কর্তৃত্ব, সম্মান ও মর্যাদাকে হেয় করে করা বেআইনি সমাবেশ (মানববন্ধন) ঠেকাতে ১৩ বিবাদীর ব্যর্থতাকে কেন তাদের ইচ্ছাকৃত ব্যর্থতা ও পেশাগত ও বিধিবদ্ধ দায়িত্বে অবহেলা হিসাবে ঘোষণা করা হবে না, রুলে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ওই বেআইনি সমাবেশের সদস্য, সংগঠক, উস্কানিদাতাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণে নির্দেশনা কেন দেওয়া হবে না এবং দুর্দশাগ্রস্ত ও দরিদ্র নারীদের জন্য দেওয়া ভিজিডির চাল আত্মসাৎকারীদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে না, তা জানাতেও রুল দিয়েছে হাই কোর্ট।

জন প্রশাসন সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, খাদ্য সচিব, বন সচিব, পুলিশের মহাপরিদর্শক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, মাদারীপুরের ডিসি, জেলা পুলিশ সুপার, রাজৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক সদানন্দ বৈদ্যসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মোশতাক আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা মো. ইশতিয়াক আহমেদের করা রিট আবেদনে আদালতে শুনানি করেন সিদ্দিকুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল খাইরুন নেসা।

বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরকে নিয়ে ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রাজৈরের কদমবাড়ী ইউনিয়ন চেয়ারম‌্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে ইতোমধ‌্যে একটি মামলা হয়েছে।

ওই চেয়ারম‌্যান সম্প্রতি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বিরুদ্ধে মানববন্ধন আয়োজনের পর সেই ছবি নিজের ফেইসবুকেও তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে আইনজীবী সুজিত চ্যাটার্জির করা ওই মামলায়।

বিধান বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় আড়ুয়াকান্দি গ্রামের একটি মন্দির থেকে ১৬০ ভোল্টের সোলার প্যানেল চুরি করে তা নিজের শ্বশুরবাড়িতে স্থাপনের অভিযোগ রয়েছে। ওই ইউনিয়নের বিভিন্ন স্থানের সরকারি জায়গা থেকে চারটি গাছ কেটে ব্যক্তিগত ভবনে ব্যবহারের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

নিজের এলাকার ওই চেয়ারম‌্যানের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও তারা কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বলে জানান বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর।

এরপর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি মামলা করে। মামলা হওয়ার পর ‘বিচারপতির বিচার চেয়ে’ ওই মানববন্ধন করা হয়।

পুরনো খবর:

হাই কোর্টের বিচারককে ‘অবমাননায়’ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা