হাই কোর্টের বিচারককে ‘অবমাননায়’ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
হাই কোর্টের এক বিচারপতিকে নিয়ে ফেইসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মাদারীপুরের রাজৈর উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন উচ্চ আদালতের এক আইনজীবী।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সম্মানহানির অভিযোগে আইনজীবী সুজিত চ্যাটার্জি মঙ্গলবার শাহবাগ থানায় কদমবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ওই চেয়ারম্যান সম্প্রতি এলাকায় এই বিচারপতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। ওই মানববন্ধনের ছবি তিনি ফেইসবুকেও দিয়েছেন।
“প্রকৃতপক্ষে বিচারপতি কখনোই তার বিরুদ্ধে কোনো মামলা করেননি।”
পরে সুজিত চ্যাটার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি গাছকাটাসহ বিভিন্ন অপরাধে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় থানায় কয়েকটি মামলা হয়। এ সব মামলার পরে ওই চেয়ারম্যান ‘বিচারপতির বিচার চেয়ে’ ব্যানারে লিখে মানববন্ধন করে। সেখানে বিচারপতির সম্পর্কে মানহানিকর আরও কথা লেখা হয়। এগুলো পরে ফেইসবুকেও দেওয়া হয়েছে।
“এ কারণে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় আমি মামলা করেছি,” বলেন তিনি।
‘কে ক্ষমতাধর বিচারপতি, নাকি ইউপি চেয়ারম্যান’ শিরোনামে সম্প্রতি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আদালতে দেওয়া বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের এক বক্তব্য উদ্বৃত করা হয়।
যেখানে বিচারপতি বলেন, বিধান বিশ্বাস স্থানীয় আড়ুয়াকান্দি গ্রামের একটি মন্দির থেকে ১৬০ ভোল্টের সোলার প্যানেল চুরি করে তা নিজের শ্বশুরবাড়িতে স্থাপন করেছে বলে এলাকাবাসীর অভিযোগ। সেই সঙ্গে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানের সরকারি জায়গা থেকে চারটি গাছ কেটে ব্যক্তিগত ভবনে ব্যবহার করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
এই অভিযোগের বিষয়টি স্থানীয় প্রশাসনকে নিজে জানানোর পরও তারা কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বলেও জানান বিচারপতি।
পাসপোর্টের জন্য তথ্য যাচাইয়ে হাই কোর্টের একজন বিচারপতির বাসায় গিয়ে পুলিশের এএসআই সালামের ঘুষ দাবির বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ওই মন্তব্য করেন।
এরপর ওই চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন বেশ কয়েকটি মামলা করে। মামলা হওয়ার পর চেয়ারম্যান ওই মানববন্ধন করে।
