২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলআর ফান্ড চাঁদাবাজি: মতিয়া

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের (ডিসি) বিশেষ ফান্ডকে (এলআর ফান্ড) ‘চাঁদাবাজি’ হিসেবে মন্তব্য করেছেন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 12:05 AM

Updated : 20 Aug 2022, 01:51 PM

মঙ্গলবার সংসদে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল-২০১৬’ পাসের প্রক্রিয়ার সময় মতিয়া এ মন্তব্য করেন।

এর আগে বিলটির ওপর সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, “বিলে বলা হয়েছে একজন সাবেক রাষ্ট্রপতি দেশের ভেতরে ভ্রমণের সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউজসে বিনা ভাড়ায় অবস্থান করবেন।”

“কিন্তু খাবে কী? খাওয়ার বিল কে দেবে? সেটা এখানে বলা নাই। সার্কিট হাউসে তো থাকবেন, বিনা খরচে; খাওয়ার বিলটাতো ডিসি সাহেবদের এলআর ফান্ড থেকে দেওয়া যায়।”

পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “এলআর ফান্ড কোথা থেকে আসে? লোকালি রেইজড। জনগণের পকেট থেকে আসে। ব্যবসায়ীদের ডাকে, কাঁপতে কাঁপতে চলে আসে। দিস ইজ এক্সটরসন।”

“নিজের পকেটে একটু হাত দেন। ফাউ খাওয়ার টেন্ডেসি বন্ধ করা উচিত। এটাতো রুচিরও ব্যাপার।”

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনে বসে জাতীয় পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে আঙুল নাড়িয়ে কিছু বলতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের এলআর ফান্ড গঠন ও এর ব্যবহার বিষয়ে অর্থ বিভাগের কোনো অনুমোদন নেই। এ তহবিলের আইনি ভিত্তি ও এর স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রশ্ন তুলে আসছে।

একটি দৈনিকে প্রকাশিক খবর অনুযায়ী, জেলা পর্যায়ে অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন, ইটভাটার অনুমতি, যাত্রাপালার অনুমতি, পাসপোর্ট প্রদান ও নবায়ন, অকৃষি জমি ইজারা দেয়া, বিভিন্ন দ্রব্য নিলাম, জলাশয় ও হাটবাজার ইজারা, আদিবাসীদের জমি হস্তান্তর এবং ট্রেড লাইসেন্স ফি’র সঙ্গে বাধ্যতামূলকভাবে এলআর ফান্ডে চাঁদা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, এই তহবিলের বেশিরভাগই খরচ হয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপ্যায়ন আর কর্তৃপক্ষের ব্যক্তিগত কাজে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বৃটিশ আমলে চালু হয় এই তহবিল। স্বাধীনতার পর দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও এইচ এম এরশাদ ওই তহবিলে চাঁদা আদায় বন্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু তারা বেসামরিক শাসনে ফিরে যাওয়ার পরই আবার তা চালু হয়। ২০০৮ সালে সেনা সমর্থিক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ তহবিলের নিরীক্ষা হয়েছিল।