প্রাইম মুভার-ট্রেইলার মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত ১৩ সেপ্টেম্বর
প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিকদের দাবির বিষয়ে আগামী ১৩ সেপ্টেম্বর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার রাজধানীর রমনা রেস্তোরাঁয় যানবাহনের ‘এক্সেল লোড নিয়ন্ত্রণ’ বিষয়ক বৈঠকে এ কথা জানান তিনি।
ওই সময় পর্যন্ত অতিরিক্ত ওজন নিয়ে চলাচলকারী এসব যান থেকে আগের হারে জরিমানা আদায় করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে রেলপথমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং সমবায় প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই এবং বিজিএমইএ সভাপতি, বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ প্রাইম মুভার-ট্রেইলর মালিক শ্রমিক ডাকা ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কমিটি গঠন করা হয়।
কমিটি আগামী ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে বৈঠক করে তাদের প্রাইম মুভার-ট্রেইলর, কার্গো পরিবহন মালিক শ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান নেবে বলে জানানো হয়।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বৈঠকে আমি, স্বরাষ্ট্র, রেলপথ, নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা, চট্টগ্রামের মেয়রসহ সব স্টেক হোল্ডাররা থাকবেন। সেখানে এ বিষয়ে একটি স্থায়ী সমাধান হবে বলে আশা করি।”
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “রাস্তার ক্ষতি এড়ানো এবং ঝুঁকিপূর্ণ সেতুগুলো রক্ষা করতেই জরিমানা আদায় করা হয়। এই জরিমানার টাকা তো আমার বাড়িতে যাবে না। আমরা একাউন্টে যাবে না।”
“রাস্তা নষ্ট হয়ে গেলে, ব্রিজ পড়ে গেলে কোথা দিয়ে চালাবেন গাড়ি, সেটাও ভাববেন। আপনাদের রাস্তা আপনাদের রক্ষা করতে হবে-এটা মনে রাখবেন।”
প্রাইম মুভার চালক মালিকদের দাবির মধ্যে রয়েছে- প্রাইম মুভারের জন্য টার্মিনাল নির্মাণ, সিটি করপোরেশনের কর কমানো, প্রাইম মুভার ট্রেইলার অপারেটরদের হেলি লাইসেন্স প্রদান, ‘ওভারলোড নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি’ বন্ধ করা এবং মুভার ও ট্রেইলারের আলাদা রেজিস্ট্রেশন বাতিল।
ট্রেইলারের উপর সিটি করপোরেশনের নির্ধারিত কর ছিল ৫০০ টাকা। ২০১৫ সালেল ১৫ ফেব্রুয়ারি থেকে তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়।
মুভার (ইঞ্জিনসহ সামনের অংশ) ও ট্রেইলার (কন্টেইনার বহনকারী পেছনের অংশ) একই গাড়ির অংশ হলেও বিআরটিএ আলাদা রেজিস্ট্রেশনের আইন করে।
