২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে আপাতত আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 07:50 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

আজিমপুরে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি এই কলেজকে ইনস্টিটিউট করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

এর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টা থেকে ছয় ঘণ্টা নীলক্ষেতে সড়ক অবরোধের পর সন্ধ্যায় পলাশীতে ব্যানবেইস মিলনায়তনে শিক্ষামন্ত্রীর অবস্থানের সময় কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

পরে রাত সাড়ে ৭টার দিকে মন্ত্রীর সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

ছাত্রীদের সঙ্গে আলোচনার পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “তাদের যে সমস্যা আছে সেগুলো আমাকে বলেছে, আমি আমার মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের অফিসারদের নিদের্শনা দিয়েছি…।

“তাদের একটা অভিযোগ হলো, তাদের ভর্তি করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বলে ভর্তি করা হয়। আরেকটা হলো, তাদের বইপুস্তক নেই, এখানে পড়ে কোনো মূল্য পাওয়া যায় না। এই দুইটা বিষয়ে কেন বিভ্রান্তি হইলো এটা বের করার জন্য এই নিদের্শনা দিয়েছি।”

ছাত্রীদের অপর দাবি গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার বিষয়ে

তিনি বলেন, “সেটা তো বললেই হয় না, এটার জন্য প্রস্তুতির দরকার আছে।”

সার্বিক বিষয়ে আলোচনার জন্য ছাত্রীদের পাঁচজন, কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষকে নিয়ে একটি প্রতিনিধি দল করতে বলেছেন শিক্ষামন্ত্রী।

এ সময় সেখানে উপস্থিত পাঁচ ছাত্রী প্রতিনিধিকে মন্ত্রী প্রশ্ন করেন, “তোমরা খুশি আছ তো? ছাত্রীরা বলেন, আছি।”

কলেজের ছাত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাসুমা আক্তার পলি সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিনিধিরা বসে আলোচনা করব। আগামী দিনে কর্মসূচিগুলো স্থগিত ঘোষণা করা হলো।”

এরপর রাত ৮টার দিকে সেখান থেকে চলে যান মন্ত্রী।

তার অবস্থানের সময় শিক্ষামন্ত্রী ‘অবরুদ্ধ’ বলে সংবাদ প্রকাশে অসন্তোষ প্রকাশ করেন নুরুল ইসলাম নাহিদ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি এখানে ঘেরাও হয়ে আছি, কোনো সমস্যা আপনাদের? আপনাদের নিউজ দেখে আমাকে ফোন করছে অনেকেই।

“সবাই জানে এখানে আরও বহুত লোক উপস্থিত আছে। আরও এখানে দুই মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। এইটা শেষ করে আমার অফিস বন্ধ হয়ে গেছে। আমার মন্ত্রণালয়ের সচিব যিনি এখানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছে আমার সহকারী সচিব দুইজন, অতিরিক্ত সচিব তিনজন, এখানকার ডিজিসহ অন্য একটা বিষয় নিয়ে বসে আছি। মিটিং এখন শেষ হয়।

“এখানে আমি ঘেরাও হয়ে আছি-এই নিউজটি আপনারা দিলেন, এটার কোনো নির্ভরশীল তথ্য আছে? যাক, আপনারা যা বলছেন। আমাদের মেয়েরা এখানে কথা বলতে আসছে। কথা বললে একশবার কথা বলব।”

দাবি আদায়ে প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের পর ব্যানবেইস মিলনায়তনে শিক্ষামন্ত্রীর অবস্থানের কথা জেনে সন্ধ্যা ৬টা থেকে তার পথ আটকে বিক্ষোভ করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা।

আন্দোলনকারীদের একজন কলেজের শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়ক অবরোধের পর শহীদ মিনারে আলোক প্রজ্বলন করার জন্য আমরা যাচ্ছিলাম। সে সময় জানতে পেরেছি যে, শিক্ষামন্ত্রী ব্যানবেইসে আছে তাই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে এখানে অবস্থান নেই।”

তিনি বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের স্বীকৃতি চাই। ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হলে সহ-শিক্ষা চালু হবে। এর আগে ২০ বছর ধরে এই কলেজের ছাত্রীরা এই দাবিতে আন্দোলন করে আসছে।”

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দেন গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীরা, যাতে সেখানে এ বছর থেকেই ছাত্রদেরও ভর্তি করানোর দাবি জানানো হয়।

ওই স্মারকলিপিতে কলেজটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবি ছিল না বলে উপাচার্য সেদিন জানালেও আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেছিলেন, ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি অর্জনের শর্ত পূরণের জন্য তারা এই দাবি করছেন।

বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছাত্রীরা কলেজ সংলগ্ন নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেন, যাতে আজিমপুর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।

তার আগে সকাল ৯টার দিকে মাউশির মহাপরিচালক ওয়াহেদুজ্জামান গার্হস্থ্য অর্থীনতি কলেজের বৃক্ষরোপন কর্মসূচিতে এলে তার কাছে নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

সন্তোষজনক জবাব না পেয়ে এক পর্যায়ে তাকেও প্রায় ঘণ্টা দুয়েক কলেজে আটকে রাখেন তারা।