গুলশান হামলাকারীদের প্রশিক্ষণ দেওয়ার কথা স্বীকার রিগানের
কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে গ্রেপ্তার রাকিবুল হাসান রিগান গুলশান হামলাকারীদের প্রশিক্ষক থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গত ২৫ জুলাই কল্যাণপুরে তাজ মঞ্জিলে অভিযানের সময় লাফিয়ে পালানোর সময় আহতাবস্থায় ধরা পড়ার পর রিগান দাবি করেছিলেন, জঙ্গিদের মেসে তিনি রান্নার কাজ করতেন।
ওই ঘটনায় পুলিশের করা মামলায় গত ২৫ সেপ্টেম্বর রিগানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।
রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে সোমবার রিগানকে ঢাকার হাকিম আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির।
মহানগর হাকিম আহসান হাবিবের খাস কামরায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান।
পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিগান হলি আর্টিজানের ঘটনায় জড়িতদের প্রশিক্ষক হিসাবে কাজ করেছে বলে স্বীকার করেছেন। তিনি ঘটনা সম্পর্কে সবই জানতেন।”
জবানবন্দি নেওয়ার পর রিগানকে কারাগারে পাঠানো হয়।
এর আগে রিগানকে হাজারীবাগ থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের হেফাজতে নেওয়া হয়েছিল।
রাকিবুল হাসান রিগান
বগুড়া সদর উপজেলার জামিলনগরের বাসিন্দা রিগানের মা নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা। তার বাবা রেজাউল করিম এক বছর আগে মারা যান।
রোকেয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গত বছর ২৬ জুলাই সকালে কোচিং সেন্টারে যেতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি রিগান। তার মোবাইল ফোনও তখন থেকে বন্ধ। এর পরদিন তিনি ছেলের সন্ধানে থানায় জিডি করেছিলেন।
রিগান গত বছর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বগুড়ার জলেশ্বরী এলাকায় ইসলামী ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন বলে পরিবারের ভাষ্য।
রিগান ধরা পড়ার পর পুলিশকে বলছিলেন, কল্যাণপুরের ওই ফ্ল্যাটে এক মাস ধরে ছিলেন তিনি। শফিক নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি সেখানে ঢোকেন। ওই ফ্ল্যাটে আরও ১০ জন থাকতেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সেদিনের অভিযানে তাজমঞ্জিলে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হন।
