ফিরতি যাত্রায় ট্রেনের ‘ধীরগতি’
ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার সময় ট্রেন মোটামুটি সময় মেনে চললেও ফিরতি যাত্রায় কয়েকটি ট্রেনের দেরিতে পৌঁছানোর খবর পাওয়া গেছে। ট্রেনে ঢাকায় ফেরা মানুষের চাপও বেশি।
রোববার উত্তরবঙ্গ এবং জামালপুরের কয়েকটি ট্রেন দেরিতে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে রংপুর এক্সপ্রেসের সকাল ৬টা ১০ মিনিটে আসার কথা থাকলেও সেটি দুপুর দেড়টায়ও কমলাপুরে পৌঁছায়নি।
এছাড়া একতা এক্সপ্রেস এক ঘণ্টা ৫০ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা, যমুনা এক্সপ্রেস দেড় ঘণ্টা দেরিতে পৌঁছায়। তবে সময়মতোই পৌঁছেছে চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগুলো।
ফিরতি যাত্রায় ভিড়ও বেশি ট্রেনে। বেলা সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জ বলাকা এক্সপ্রেসের ছাদে চড়ে এসে পৌঁছায় অনেক যাত্রী। কামরাগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই।
ফেরার পথে ভোগান্তির কথা জানালেন জামালপুরের সুজন।
তিনি বলেন, “গাড়িতে উঠতে অনেক কষ্ট হইছে; ব্যাপক ভিড়। সারাটা পথ ধাক্কাধাক্কি করা লাগছে।"
যমুনা এক্সপ্রেস ট্রেনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হারুন অর রশিদ ও মির্জা ইয়ামিন ময়মনসিংহ থেকে এসেছেন। ঈদের আগের চেয়ে ফেরার পথে ভিড় বেশি ছিল বলে জানান তারা।
আসন না পাওয়ায় তাদের পুরো পথই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে বলে জানান।
কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী জানান, দুপুর ১টা পর্যন্ত ২৬টি ট্রেন এসেছে। ছেড়ে গেছে ২৯টি ট্রেন।
যাত্রীদের চাপ বেশি থাকায় কয়েকটি ট্রেন দেরিতে আসছে বলে জানান তিনি।
তিনি বলেন, “প্রতি স্টেশনে যাত্রী নেওয়ার জন্য ২ মিনিট করে সময় দেওয়া আছে। কিন্তু ভিড় বেশি থাকায় কয়েকটি স্টেশনে ১০-১২ মিনিটও লেগে যায়। এ কারণে ট্রেন দেরি করে।”
