২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরগরম সদরঘাট

কাঙিক্ষত লঞ্চ ধরতে হাজরো মানুষের ছোটাছুটির মধ্যে লঞ্চ কাত হয়ে পড়ার খবরে আতঙ্ক, আবার লঞ্চে চেপে বসার পর আনন্দের হাসি-ঈদের একদিন আগে এরকম চিত্রই দেখা গেছে সদরঘাটে।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 11:08 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

রোববার ভোর থেকেই ঢাকার এই লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড় শুরু হয় বলে বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান জানান।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যাত্রীদের চাপ।

দুপুরের দিকে যাত্রীর চাপ খানিকটা কমলেও বিকাল থেকে তা আবার বাড়তে শুরু করে।

বিকাল ৫টার পরে পন্টুনে যাত্রীর চাপ এতো বেড়ে যায় যে কেউ যাতে নদীতে না পড়ে যায় সেজন্য পিছনে থাকাদের মূল টার্মিনালে অবস্থান করতে অনুরোধ করা হয়।

বিকাল ৫টা পর্যন্ত ৫২টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায় বলে পরিদর্শক মাহফুজুর রহমান জানান। আগেরদিন বিভিন্ন গন্তেব্যে ছেড়ে গিয়েছিল মোট ১২১টি লঞ্চ।

একাধিক লঞ্চমালিক ও কর্মচারীরা বলছেন, শনিবারের চেয়ে এদিন সদরঘাটে যাত্রীর চাপ বেশি বলে তাদের মনে হয়েছে।

বিকাল সোয়া ৫টার দিকে বরিশালগামী এম ভি টিপু নামের একটি লঞ্চ যাত্রীর ভারে কাত হয়ে পড়েছে বলে খবর ছড়িয়ে পড়লে পন্টুনে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই লঞ্চ থেকে লাফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে লঞ্চটির মালিক গোলাম কিবরিয়া টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পন্টুনে লঞ্চ ভেড়ানোর সময় সাধারণত লঞ্চ একটু কাত হয়। এটাকে কোনো একজন যাত্রী লঞ্চ কাত হয়েছে বলে গুজব ছড়িয়ে দিলে এই আতঙ্ক দেখা দেয়। আসলে লঞ্চ কাত হয়নি।”

এ ঘটনার কিছুক্ষণ পর সুরভী ৯ নামের আরেকটি লঞ্চে আগুন লাগার  খবর ছড়িয়ে পড়লে আবারও আতঙ্ক দেখা দেয় সদরঘাটে।

এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহেন শাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঞ্চটির রান্নাঘরে কেরোসিনের চুলা জ্বালানোর পর হঠাৎ করে ঘরটিতে আগুন ধরে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল, তবে তারা আসার আগে লঞ্চের নিজস্ব ব্যবস্থাপনাতেই আগুন নেভানো সম্ভব হয়।”