২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষা আর ফুরায় না

কেয়া পরিবহনের আগাম টিকেট কেটে শনিবার কাউন্টারে এসে বগুড়ার যাত্রী শাহীন ইসলাম জানতে পারেন, যানজটের কারণে তার বাস পিছিয়ে গেছে ২৪ ঘণ্টা। কিন্তু রোববার বেলা ১০টার সময়ও তাকে দেখা গেল কল‌্যাণপুরে বসে আছেন বাসের অপেক্ষায়। 

মাসুম বিল্লাহ

ফয়সাল আতিক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 04:38 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

দীর্ঘশ্বাস ফেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগের দিন সকাল ৮টার টিকেট। আর আজ সকাল ১০টা পার হয়ে গেছে। বললো জ্যামের কারণে পিছাইছে। কাউন্টারের লোক এখনও বলতে পারতেছে না কখন ছাড়বে।”

কল্যাণপুরে টিআর ট্রাভেলসের যাত্রী ওয়ান ব্যাংকের কর্মকর্তা আবদুল জাব্বারের অবস্থা শাহীনের চেয়ে কিছুটা ভালো।

বগুড়ার বাস ধরার জন্য রোববার সকাল সাড়ে ৮টায় কাউন্টারে এসেছেন তিনি। অবশ‌্য ১০টার সময়ও তার অপেক্ষা শেষ হয়নি।

জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ৭টায় যে গাড়ি ছাড়ার কথা সেটাই নাকি আসেনি। কাউন্টার থেকে বলছে ওই গাড়ি নাকি গাজীপুরের চন্দ্রায় যানজটে আটকে আছে। আমার গাড়িতো আরও এক ঘণ্টা পর।”

তারপরও স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাওয়ার এই চেষ্টা বাদ দেওয়ার উপায় নেই জব্বারের।

রোববার সকালে গাবতলী ও কল্যাণপুরে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন বাস কাউন্টারে ঘুরে বহু যাত্রীকে এভাবে অপেক্ষায় থাকতে দেখা গেল।

টাঙ্গাইলের পুলিশ বলছে, ভোরের দিকে কালিহাতি উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় এই বিপত্তি ঘটেছে।

আগের দিন যেসব গাড়ি ঢাকা ছেড়ে গেছে, সেগুলো যাত্রী নামিয়ে ফিরতে না পারায় ঢাকায় টার্মিনালে অপেক্ষায় থাকতে হচ্ছে পরের দিনের যাত্রীদের।   

ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারের সামনে অপেক্ষায় থেকেও গাড়ি কখন ছাড়বে- সেই উত্তরটুকু পাচ্ছেন না টিকেট হাতে নিয়ে বসে থাকা যাত্রীরা।

যাত্রীদের জিজ্ঞাসা নিয়ে কেয়া পরিবহনের কল্যাণপুর কাউন্টারের মাস্টার ইসমাইল খানের সঙ্গে কথা বলতে গিয়ে দেখা গেল, তিনি নিজেই বেজায় ক্ষুব্ধ। জানালেন, অপেক্ষমাণ যাত্রীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।

“গরুর হাট তো আছেই। এ নামে সে নামে বাসে বাসে চাঁদাবাজি… প্রশাসনেরও কোনো উদ্যোগ নাই, রাস্তায় রাস্তায় যানজট; আর পাবলিক গালি দিচ্ছে আমাদের।”

বাস মালিকরা আশা করেছিলেন, ঈদের চারদিন আগে থেকে এবারের ঈদযাত্রা শুরু হওয়ায় রবিবার আর গাড়ি ছাড়তে দেরি হবে না, যাত্রীরাও আরামে যেতে পারবেন। কিন্তু মহাসড়কের যানজটে এখন তারা সেই আশা ছেড়েছেন।

ইসমাইল বলেন, “পরশু রাত ৯টায় যে গাড়ি ঢাকা থেকে হিলি গেছে, সেটা আবার ঢাকায় ফিরেছে আজ সকাল ১০টায়। আর মন্ত্রীরা কইতাছে রাস্তায় নাকি জ্যাম নাই! এই সময়ে এইরকম জ্যাম আর এমন চাঁদাবাজি আমি আর দেখি নাই।”

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গত শুক্রবার বলেছিল্নে, কোরবানির পশুবাহী গাড়ির চাপে মহাসড়কে ধীর গতি থাকলেও যানজটের কোনো খবর ‘তার কাছে নেই’।

গাবতলীতে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার গাজী নজরুল ইসলামও যাত্রীদের অপেক্ষা ও যানজটের কারণে যাত্রী ব্যবস্থাপনায় হিমশিম খাওয়ার কথা বললেন।

বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ফিরতি বাস যানজটের কারণে ঠিক সময়ে পৌঁছাতে না পারায় ঠিক সময়ে গাড়ি ছাড়া যাচ্ছে না। সকাল থেকে ছয়টা ট্রিপ ছাড়ার কথা, ছাড়া গেছে মাত্র দুইটা।”

গাবতলীর ওই কাউন্টার থেকে খুলনার বাস ছাড়ে জানিয়ে নজরুল বলেন, “শিডিউলের কোনো মূল্য এখন নাই। শিডিউল শিডিউলের জায়গায়, আমরা গাড়ি পাওয়ার পরই ছাড়ছি। সকাল ৮টার গাড়ি গেছে ১০টায়।”

পাটুরিয়া-দৌলতদিয়ার কয়েকটি ঘাট বন্ধ থাকায় এবং সেখানে গাড়ির জটের কারণে ঢাকা থেকেও খুলনার বাস ছাড়তে দেরি হচ্ছে বলে জানান নজরুল।

কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার হুমায়ুন কবির জানান, তারা প্রতিটি গাড়ি এক ঘণ্টা করে পিছিয়ে ছাড়ছেন।

অবশ‌্য কোনো কোনো রুটের যাত্রী আরও বেশি দেরি হওয়ার তথ্য দিলেন।

কাউন্টারের সামনে এক যাত্রী নওগাঁগামী ৮টার গাড়ি কখন ছাড়বে জানতে চাইলে এক কাউন্টার মাস্টার বলেন, “গাড়ি রাস্তায়, দুপুর ১টার পর খোঁজ নিয়েন।”

বেলা ১১টার টিকেট নিয়ে শ্যামলী পরিবহনের ওই কাউন্টারে অপেক্ষায় ছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম; গাড়ি নিয়ে দুশ্চিন্তার ছাপ ছিল তার চোখেমুখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১১টার অগ্রিম টিকেট নিয়ে দাঁড়িয়ে আছি, যাব নওগাঁ। কাউন্টার থেকে বলছে ১টার পর ছাড়তে পারে। কিন্তু ৮টার বাসইতো এখনো ছাড়েনি!”

বেলা ১১টায় দর্শনামুখী রয়েল কোচের যাত্রী গার্মেন্টসকর্মী মোহাম্মদ হাসানের সঙ্গে কথা হয় গাবতলী বাস টার্মিনালে। কখন বাস ছাড়বে আর কোন রুটে বাস যাবে তা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তিনি।

“টিকেট নিছি, অপেক্ষায় আছি, দেখি কখন গাড়ি আসে। রাস্তায় যা জ্যাম শুনতেছি… পাটুরিয়া হয়ে যাবে, নাকি বঙ্গবন্ধু সেতু হয়ে- তাও জানি না।”

এদিকে এতো মানুষের ভিড়েও যাত্রী না পাওয়ার হাহাকার আছে ছোট পরিবহনগুলোর মধ্যে। হাঁকঢাক দিয়েও যাত্রী না মেলার কথা বলেছেন চালকের সহকারীদের কেউ কেউ।

ফরিদপুর-বরিশাল রুটের শাপলা ট্রান্সপোর্টের কর্মী জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী যারা আগে টিকেট কিনছে তারা টিকেট নিয়ে অপেক্ষা করতেছে। কিন্তু আমাদের মতো যারা তাৎক্ষণিক টিকেট দেয়, তাদের যাত্রী একদম নাই।”

‘যাত্রীর অভাবে’ সকাল থেকে দুই রুটে পাঁচটির বদলে একটি বাস ছাড়তে পারার কথা জানান তিনি।

পাটুরিয়া ঘাট থেকে লঞ্চে পদ্মা পার হয়ে অন্য বাসে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হয় এই পরিবহনে।

জাকির বলেন, “মনে হচ্ছে, মানুষ রাস্তায় জ্যামের কারণে বাড়ি যাওয়ার চিন্তা বাদ দিছে।”