‘লটারির প্রতারণায়’ জড়িত তিন বিদেশিসহ গ্রেপ্তার ৮
লটারি জেতার প্রলোভন দেখানোসহ প্রতারণার অভিযোগে নাইজেরিয়ার তিন নাগরিকসহ আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত তিন নাইজেরীয় হলেন- চুকওয়া ইমানুয়েল ওরফে উবেন্না, মাইকেল বউমনিমি ওরফে ইইউজিন ও ডেভিড ওরফে উসেননিয়া নিকোলাস।
তাদের সঙ্গে বিপ্লব লসকর, হারুনুর রশিদ ওরফে কামাল, রেজাউল ইসলাম, কাওসার ও শওকত আলী নামে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে।
শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যা্লয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল বাতেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও বারিধারা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) বিমানবন্দর জোনাল টিম ওই আট জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের থেকে ৬৭টি চেক বই, ১৬টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও ১৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এদিকে মহানগর পুলিশের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এরা মানুষকে ভুয়া লটারি ও পিওর বায়ো লিভিয়া সিড বিক্রির কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।
এই প্রতারণার সঙ্গে আরও কয়েকজন নাইজেরিয়ান ও বাংলাদেশিও জড়িত বলে সংবাদ জানানো হয়।
চক্রটি কীভাবে প্রতারণা করে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে: তারা কোনো গ্রাহকের মোবাইলে প্রথমে একটি মেসেজ পাঠিয়ে জানায় যে, তার নম্বরটি পাঁচ লাখ পাউন্ড লটারির জন্য কোকাকোলা বা অন্য কোনো কোম্পানি থেকে মনোনীত হয়েছেন এবং তা নিশ্চিত করার জন্য তার নাম ঠিকানা দিতে বলা হয়।
কেউ নাম-ঠিকানা দিলে ফিরতি মেসেজে তার লটারির টাকা কনফার্ম হয়েছে জানানো হয়, প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো একব্যক্তির নাম ঠিকানা থেকে পাঠানো হয় ভূয়া কাগজপত্র। তখন মেসেজ পাওয়া ব্যক্তিরা টাকার লোভে তাদের সঙ্গে যোগাযোগ করে।
এরপর প্রতারকরা ৫ লাখ পাউন্ড বাংলাদেশে আনতে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য ৩৮ হাজার টাকা চায়। টাকা পাঠানোর পর কাস্টমস ফি বাড়ার আরবেড়ে গেছে বলে আরো টাকা চায়, এভাবে টাকা নেওয়া হয়ে গেলে তারা সব যোগাযোগ বন্ধ করে দেয়।
এছাড়াও গ্রেপ্তারকৃত চক্রের সদস্যরা ‘পিওর বায়ো লিভিয়া সিড’ ক্রয় করার কথা বলেও প্রতারণা করে বলে এতে উল্লেখ করা হয়।
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ভুয়া চেক ইস্যু করে এবং ভুয়া ফার্মের ঠিকানা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে বলে গ্রেপ্তাকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পাঁচ থেকে ২৫ শতাংশ কমিশনের ভিত্তিতে বাংলাদেশিদের মাধ্যমে এই প্রতারণায় জড়িত মূলত নাইজেরীয়রা।
“এই প্রতারক চক্রের হোতা ডেভিড ওরফে ডেভ নাইজেরিয়া থেকে তার প্রতারণার কার্যক্রম পরিচালনা করে; মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ, ভাইবার, নেট ও আইটেলডায়ালারপ্লাস নামের অ্যাপ ব্যবহার করে।”
প্রতারকরা সমাজের ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবি, ছাত্র-ছাত্রী সবাইকে টার্গেট করে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
