উত্তরের ট্রেনে উপচেপড়া ভিড়
ঈদযাত্রায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গত দুইদিন যে ‘স্বস্তি’ ছিল তা আর নেই। শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকার ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। আর উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে এই ভিড় ছিল উপচেপড়া।
ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিকাল থেকে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনালে গাড়ির অপেক্ষায় অসংখ্য যাত্রীকে দুর্ভোগ পোহাত হয়। সেদিন কমলাপুরে ভিড় না থাকলেও শুক্রবার বিকাল থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার সকাল থেকেই উত্তরের ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। অন্যান্য রুটের ট্রেনে যাত্রীদের স্বাভাবিক ভিড় আছে।”
আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদযাত্রার চাপ সামলাতে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী বহনের লক্ষ্যে ৭ থেকে ১১ সেপ্টেম্বরের আগাম টিকেট বিক্রি করে রেলওয়ে। ঈদের আগের দিন ১২ সেপ্টেম্বর সোমবার স্টেশনে গিয়ে টিকেট পাওয়া যাবে।
অগ্রিম টিকেটে প্রতিদিন কমলাপুর থেকেই ৩১টি আন্তঃনগরসহ ৬৯টি ট্রেনে অন্তত ৫০ হাজার যাত্রী বাড়ি যাচ্ছেন বলে জানান স্টেশনের ম্যানেজার সিতাংশু।
শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৯টি ট্রেন ছেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। রংপুর ও ধূমকেতু এক্সপ্রেস দেরিতে আসায় ছাড়তে দেরি হয়েছে।”
“এমন ভিড়, বাচ্চাদের নিয়ে ঢুকতেই পারলাম না। শেষমেশ শোভন শ্রেণির কামরায় উঠলাম। যাওয়া তো লাগবে।”
স্বামী-সন্তান নিয়ে লিমা গাইবান্ধার বোনারপাড়া যাবেন। এজন্য ভোরেই স্টেশনে আসেন তারা।
রংপুর এক্সপ্রেসের সকাল ৬টা ১০ মিনিটে কমলাপুর পৌঁছানোর কথা থাকলেও সোয়া ৯টায় আসে জানিয়ে তিনি বলেন, “ট্রেনের যাত্রীরা নামার আগেই অন্যরা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ভেতরে জায়গা না পেয়ে যাত্রীদের অনেকেই ছাদে উঠেছে।”
কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের কারণে ট্রেনটি পরিষ্কার করা যায়নি। পরে সেভাবেই ট্রেনটি ছাড়ার সিদ্ধান্ত হয়। নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনেট ছাড়ে ট্রেনটি।
প্রায় একই অবস্থা ছিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের ক্ষেত্রেও।
সকাল ৬টায় ছাড়ার কথা থাকলেও ছাড়ে এক ঘণ্টা চল্লিশ মিনিট পর। তবে ট্রেনে ভিড় খানিকটা কম থাকায় ‘স্বস্তি’ প্রকাশ করেন বেসরকারি চাকুরে খোরশেদ আলম।
“অলমোস্ট দুই ঘণ্টা দেরি করেছে ট্রেনটি; বসে থাকতে খুব কষ্ট হয়েছে। ট্রেনে উঠেই সিট পেয়ে গেছি বলে এখন আর খারাপ লাগছে না। আরামেই যেতে পারব।”
সকালে উপচেপড়া ভিড় ছিল জামালপুরগামী ট্রেনে। গ্রামীণফোনের কর্মকর্তা আবদুল হালিম থাকেন গাজীপুরের টঙ্গীতে।
ঈদে গ্রামের বাড়ি জামালপুর যাবেন পরিবার নিয়ে। বিমানবন্দর স্টেশনে ভিড় হওয়ার শঙ্কায় সকাল সকাল পরিবারের সদস্যদের নিয়ে চলে আসেন কমলাপুর।
“বিমানবন্দর স্টেশনে এবার অন্য বছরের তুলনায় ভিড় কম ছিল। তারপরও ভিড় ঠেলে বাচ্চাদের নিয়ে ট্রেনে ওঠা কঠিন। তাই এখানে চলে এলাম।”
ঈদের এই যাত্রায় ভিড় থাকলেও যাত্রীদের চোখে-মুখে ছিল স্বজনদের কাছে যাওয়ার আনন্দ।
"বাচ্চা খুব ছোট থাকায় বাড়ি যেতে পারিনি। এবার ও প্রথমবারের মত দাদা ও নানা বাড়ি যাচ্ছে”, বলেন গৃহিনী আসমাউল হুসনা বকুল।
দুই বছর পর ঈদ করতে জামালপুরের বাড়ি যাচ্ছেন এ নারী। অনেক দিন পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে- ভাবতেই অন্যরকম লাগছে বলে জানান তিনি।
“সবার সঙ্গে দেখা হবে, এজন্য খুবই আনন্দ লাগছে।"
