২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের জন‌্য টার্মিনালেই ঘণ্টার পর ঘণ্টা

রাজধানীর কল‌্যাণপুরে শ‌্যামলী পরিবহনের বাসের জন‌্য অপেক্ষা করছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আশিক তালুকদার।

মাসুম বিল্লাহ

ওবায়দুর মাসুম ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 05:45 PM

Updated : 11 Oct 2022, 08:42 PM

পুরনো খবর:

যানজটের ভোগান্তিতে ঈদযাত্রা শুরু

নওগাঁগামী বিকাল সাড়ে ৩টার বাসের টিকেট কাটা ছিল তার। তবে সাড়ে ৫টায়ও সেই বাস আসেনি কাউন্টারে। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কাউন্টারে আসা আশিকের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট।

জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩টার গাড়িই এখনও ছাড়েনি, আমার সাড়ে ৩টার গাড়ি কখন যে আসবে, জানি না। কাউন্টারের লোকজন যানজটের কথা-ই বলতেছে।”

দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসগুলোর টার্মিনাল গাবতলী হলেও এর অধিকাংশই কল‌্যাণপুরের কাউন্টারগুলো থেকে যাত্রা শুরু করে।

চট্টগ্রাম-সিলেটসহ দক্ষিণ-পূর্বের বাসগুলো যাত্রা শুরু করে গাবতলীর বিপরীত প্রান্তের সায়েদাবাদ টার্মিনাল থেকে। সেখানকার চিত্রও গাবতলীর মতোই।

বেলা ১১টায় ফেনীগামী স্টার লাইন পরিবহনের কাউন্টারে বাসের অপেক্ষায় থাকা মো. কামাল হোসেন জানালেন, তার বাস ছাড়ার সময় ছিল সাড়ে ৯টায়। কিন্তু বাস না আসায় রওনা হতে পারেননি।

“রোদে এতক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্তু গাড়ি নাই। বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর বড় দুই টার্মিনালে গিয়েই বাসের জন‌্য দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা যায় ঘরমুখো মানুষের।

ঈদের ছুটি রোববার শুরু হলেও আগের দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার অফিস শেষে দুপুরের পর থেকেই মানুষকে ছুটতে দেখা যায় বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটের দিকে।

স্বীকৃত কোনো হিসাব না থাকলেও ধারণা করা হয়, দেড় কোটি মানুষের শহর ঢাকার অর্ধ কোটির মতো মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে নগরী ছাড়ে।

বর্ষা পেরুলেও এবার মহাসড়কের অবস্থা খারাপ নয় বলেই তথ‌্য আসছে, তার মধ্যেও যানজটের দোহাই দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা।

নদী ভাঙনের কারণে দৌলতদিয়ায় বেশির ভাগ ফেরি ঘাট অচল হয়ে পড়ার কারণে টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়ার বিষয়টি উত্তরের পথে যানজটের কারণ হিসেবে দেখানো হচ্ছে।

তবে চট্টগ্রামের পথে সেই ধরনের কোনো দুর্বিপাক না থাকার পরও চার লেইনের মহাসড়কে যানজটের কারণ খুঁজে না পাওয়া যাত্রীদের অনেকে পুলিশের গরুর ট্রাক থামিয়ে চাঁদাবাজিকে দায়ী করেছেন।

সায়েদাবাদের বাসগুলোর মধ‌্যে এনা পরিবহনের মানিকনগর কাউন্টারে সকাল ৭টা বাসের দেখা বেলা ১২টায়ও না পাওয়া চট্টগ্রামের যাত্রী সিদ্দিকুর রহমান ফরাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে এটা ‘কৃত্রিম’ যানজট।

“গরুর ট্রাকে চাঁদাবাজি করার জন্য পুলিশ এ জ্যাম লাগিয়েছে। চার লেন হওয়ার পর ওই সড়কে যানজট থাকার কোনো কারণ নেই।”

চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভোর থেকে দাউদকান্দি ও মেঘনাঘাট এলাকায় যানজটের কারণে তাদের অনেক বাস দুপুর পর্যন্ত ঢাকায় ফিরতে পারেনি। 

ফলে সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের বিভিন্ন কাউন্টারে এসে নির্ধারিত বাস না পেয়ে অপেক্ষায় থাকতে হয় দক্ষিণ জনপদের বিভিন্ন গন্তব‌্যের যাত্রীদের; গরমের মধ‌্যে নারী ও শিশুদের ভোগান্তি হচ্ছে সবচেয়ে বেশি।

ফেনীর ছাগলনাইয়ায় স্বজনদের সঙ্গে ঈদ করতে যাবেন বলে সকাল ১০টার গাড়ি ধরতে কাউন্টারে এসেছিলেন বেসরকারি চাকুরে মাহবুব শোভন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গাড়ির দেখা না মেলায় তাকে মাইক্রোবাস ভাড়া করতে দেখা যায়।

“গাড়ি কখন আসবে বলতে পারছে না এরা। বাচ্চা-কাচ্চা নিয়ে এভাবে রাস্তায় বসে থাকা যায় না। টিকেট ফেরত দিয়ে সাড়ে আট হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করেছি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

স্টার লাইনের কাউন্টার ব্যবস্থাপক আনিসুর রহমান জানান, তাদের গাড়ি যানজটে আটকে থাকায় আসতে দেরি হচ্ছে। তাই যাত্রীদের তারা কোনো ‘আশার কথা’ শোনাতে পারছেন না।

“ঢাকায় ২১টা বাস ছিল, সেগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। কিন্তু সাড়ে ৯টার পর আর কোনো গাড়ি আমরা ছাড়তে পারিনি। ফেনী থেকে ছেড়ে আসা গাড়ি না আসলে ছাড়ব কীভাবে?”

গাড়ির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা যাত্রীদের দেখা মিলল নোয়াখালীর একুশে পরিবহনের কাউন্টারেও। বেলা ১২টা পর্যন্ত এ পরিবহনের ১৮টি বাস ঢাকা ছেড়েছে বলে জানান কাউন্টার ব্যবস্থাপক সোহেল রানা।

“এগুলো ঢাকায় ছিল বলে ছাড়তে পেরেছি। ওই দিক থেকে গাড়ি না আসায় এরপর আর গাড়ি ছাড়তে পারব না। যাত্রীদের টিকেট ফেরত দিতে হবে।”

ওই সময় কাউন্টারে উপস্থিত হওয়া একুশে পরিবহনের চালক মোহাম্মদ আরাফাত জানান, বুধবার রাতে নোয়াখালী থেকে গাড়ি ছেড়ে ঢাকায় আসতে ১০ ঘণ্টা লেগেছে তার।

“এই রাস্তা আসতে এমনিতে সাড়ে তিন ঘণ্টা লাগে। কিন্তু আজকে দাউদকান্দি থাইকা মেঘনাঘাট পর্যন্ত জ্যাম। ১০ ঘণ্টা লাগল। আমি তো তাও আসতে পারছি, অন্যরা কখন আসে ঠিক নাই।”

এই মহাসড়কে যানজটের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় কয়েকটি ট্রাক বিকল হওয়ায় এবং অতিরিক্ত গাড়ির চাপে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

“সকালে অবস্থা কিছুটা সহনীয় হলেও দাউদকান্দি থেকে রায়পুর-গৌরিপুর তিন রাস্তার মোড় পর্যন্ত সড়কে দুপুরেও যানবাহন চলেছে ধীর গতিতে।”

Image
.

.

গাবতলী ও কল‌্যাণপুরে ঘুরে দেখা যায়, ঠিক সময়ে বাস ছাড়তে না পারায় বিভিন্ন কাউন্টারের ব্যবস্থাপকদের সঙ্গে বচসা চলছে অগ্রিম টিকেট কেনা অনেক যাত্রীকে।

শ্যামলী পরিবহনের রংপুরগামী একটি বাস কল্যাণপুর থেকে দুপুর ২টার ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৫টায়ও তা না আসায় যাত্রীরা এসে কাউন্টারের সামনে হট্টগোল শুরু করেন। কাউন্টারের ব্যবস্থাপকরা যানজটের কথা বলে শান্ত করার চেষ্টা করেন তাদের।

যাত্রীদের একজন ব্যাংক কর্মকর্তা আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২টার গাড়ি এখনও ছাড়ে নাই। কখন ছাড়বে তাও বলতে পারছে না। কাউন্টারে আর কতক্ষণ বসে থাকা যায়?”

শ্যামলী পরিবহনের রংপুর সেকশনের ব্যবস্থাপক হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন ড্রাইভারকে ফোন দিচ্ছি। যখনই ফোন দিচ্ছি তখনই বলছে, ‘টাঙ্গাইল আছি, মির্জাপুর আছি’। আমরা কী করব? বাস তো নির্দিষ্ট।”

তিনি বলেন, “এবার প্রশাসনিক ব্যবস্থাও অত ভালো মনে হচ্ছে না। দেখা গেছে, কোনো বাস নষ্ট হলেই তার জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।”

কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের সামনে কথা হয় ব্যানবেইসের কর্মকর্তা মাহফুজ আলমের সঙ্গে। বিকাল ৩টার বাসে জয়পুরহাট যাওয়ার কথা থাকলেও ৫টা পর্যন্ত গাড়ি ছাড়েনি তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোগান্তি থেকে বাঁচার জন্য অগ্রিম টিকিট কিনছিলাম। কিন্তু সেটা থেকে আর বাঁচতে পারলাম কই? ৫টায়ও বাস ছাড়েনি, কখন ছাড়বে তার নিশ্চয়তাও নাই।”

Image
.

.

গাবতলীতে বরিশাল, বরগুনা, জীবনগর, দর্শনাগামী ‘সোনার তরী’ কাউন্টারের ব্যবস্থাপক আলী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত ৬০ কিলোমিটারের জ্যাম, গাড়ি ফিরবে কেমনে?”

যানজট থেকে বাঁচার জন্য ‘সোনার তরী’ বিকল্প ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রীদের নিয়ে নামিয়ে দিচ্ছি, সেখান থেকে ফেরিতে পার হওয়ার পর আমাদেরই অন্য বাসে যাত্রীরা বাড়ি ফিরছেন।”

এই পথে যানজটের কারণ হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি ঘাটের বিপর্যয়কে কারণ দেখান টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (বুধবার) সারা দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ১৯ হাজার ৫০০ গাড়ি গেছে। আর আজ বেলা ১টার দিকেই গাড়ির সংখ‌্যা ২৯ হাজার ৭০০ ছড়িয়ে গেছে।”

অন‌্য সময় যেসব গাড়ি পাটুরিয়া হয়ে ঢাকায় আসে, কয়েকটি ঘাট বন্ধ থাকায় এখন তার একটি অংশ বঙ্গবন্ধু সেতু দিয়ে আসছে বলে এই পথে চাপ বেড়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

তবে টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়ার দুটি ঘাট বৃহস্পতিবার বিকালে সচল হওয়ায় তাতে টাঙ্গাইল মহাসড়কে চাপ কমে যাওয়ার আশা করা হচ্ছে।

রাজধানী থেকে ময়মনসিংহ অঞ্চলগামী যাত্রীদের খুব বেশি দুর্ভোগ পোহাতে না হলেও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত যানজট বরাবরের মতোই পোহাতে হয়েছে। 

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি গাড়ি যদি গাজীপুর চৌরাস্তা থেকে মহাখালী টার্মিনালে পৌঁছতে আট ঘণ্টার বেশি সময় লাগে, তাহলে আমরা কী করতে পারি?”