যানজটের ভোগান্তিতে ঈদযাত্রা শুরু
ঈদের আগে শেষ কর্মদিবসেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ, রাজধানী থেকে উত্তর ও দক্ষিণ জনপদের দুই মহাসড়কে যানজটের কারণে ঈদযাত্রা শুরু হয়েছে ভোগান্তির মধ্য দিয়ে।
সড়ক সামলানোর চেষ্টায় থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, ঈদে ঘরমুখো যাত্রীরা ঢাকা ছাড়তে শুরু করায় গাড়ির চাপ বেড়েছে কয়েক গুণ। তার সঙ্গে যোগ হয়েছে কোরবানীর পশুবাহী ট্রাকের মিছিল। এরই মধ্যে বিভিন্ন স্থানে ছোটখাট দুর্ঘটনায় যানবাহন বিকল হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
দক্ষিণের পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুর সেতু থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই পর্যন্ত এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই যানজট চলছে।
আর উত্তরের পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত এলাকায় গাড়ি চলছে ধীরগতিতে।
এর প্রভাব পড়ছে ঢাকার বাসস্ট্যান্ডগুলোতে। আগের রাতে ছেড়ে যাওয়া বাস সময় মত ফিরতে না পারায় ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে।
বিকালে অফিস ছুটির পর সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রী ও চালকদের অনেকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক জানান, বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় কয়েকটি ট্রাক বিকল হওয়ায় এবং অতিরিক্ত গাড়ির চাপে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সকালে অবস্থা কিছুটা সহনীয় হলেও দাউদকান্দি থেকে রায়পুর-গৌরিপুর তিন রাস্তার মোড় পর্যন্ত সড়কে দুপুরেও যানবাহন চলেছে ধীর গতিতে।
ঢাকা থেকে কুমিল্লাগামী বাসের যাত্রী খোয়াজ মেম্বার বলেন, “১০ কিলোমিটার পার হতে আমাদের গাড়ির তিনটা ঘণ্টা লেগেছে।”
চট্টগ্রাম থেকে আসা বাসযাত্রী মোশাররফ হোসেন হাজারী বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি সেতুতে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে, অথচ রাস্তা মাত্র মাত্র ২০ মিনিটের।
এই যানজটের মধ্যে গরুবোঝাই ট্রাক নিয়ে ব্যবসায়ীদেরও হিমশিম খেতে হচ্ছে।
মো. আমির হোসেন নামের এক ব্যাপারী জানান, গরুর ট্রাক নিয়ে ভোরে তার নোয়াখালীতে থাকার কথা ছিল। কিন্তু কাচঁপুর থেকে দাউদকান্দির শহীদনগরে পৌঁছাতেই লেগে গেছে দুই ঘণ্টা।
মনির হোসেন নামের আরেক ব্যাপারী বললেন, পথের ভোগান্তির পাশাপাশি হাটে পৌঁছাতে দেরি হলে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়তে হবে।
কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।
মহাসড়কের গৌরীপুর, বারপাড়া, শহীদনগর, হাসানপুর, বিশ্বরোড, বলদাখাল, টোলপ্লাজা ও দাউদকান্দি সেতুতে হাইওয়ে ও থানা পুলিশ যানজট নিরসনে কাজ করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খোঁজ খবর রাখছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান, করটিয়ায় একটি লরি বিকল হলে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যানজটের সূত্রপাত হয়। এরপর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত সড়কে সকাল ৭টা পর্যন্ত তীব্র যানজট চলে।
ফলে ঢাকা এবং উত্তর ও দক্ষিণ বঙ্গের মধ্যে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
টাঙ্গাইল জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের চেষ্টায় সকাল ৭টার পর থেকে জট খানিকটা কমে আসে। কিন্তু দুপুরেও ওই সড়কে যানবাহন চলছিল ধীর গতিতে।
পরিদর্শক এশরাজুল বলেন, লরি বিকল হওয়ার পাশাপাশি গাড়ির বাড়তি চাপও যানজটের একটি কারণ।
“অনেক গাড়ি পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার না হতে পেরে বঙ্গবন্ধু সেতু দিয়ে আসছে। ফলে ঢাকামুখী রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তাছাড়া কোরবানির পশু নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছে ট্রাক। ফিটনেসবিহীন গরুবাহী গাড়িগুলোর ধীরগতি সড়কে জট বাড়াচ্ছে।”
গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বেলা ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানজটের তীব্রতা কমেছে। কিন্তু গাড়ির চাপ বেশি, দ্রুত এগোতে পারছে না।”
গাজীপুরের নাওজোর থেকে চন্দ্রা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত সড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সালনা মহাসড়ক থানার ওসি মো. হোসেন সরকার।
সড়কে যানবাহনের পরিসংখ্যান তুলে ধরে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, বুধবার সারা দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ১৯ হাজার ৫০০ গাড়ি গেছে। আর বৃহস্পতিবার বেলা ১টার দিকেই গাড়ির সংখ্যা ২৯ হাজার ৭০০ ছড়িয়ে গেছে।
ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এক বাসের চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্যসময় যেসব গাড়ি পাটুরিয়া হয়ে ঢাকায় আসে, কয়েকটি ঘাট বন্ধ থাকায় এখন তার একটি অংশ বঙ্গবন্ধু সেতু দিয়ে আসছে। এটা বন্ধ না হলে ঈদের মৌসুমে ঢাকা-টাঙ্গাইল সড়কের যানজট সামাল দেওয়া যাবে না।
জট পাটুরিয়া ঘাটেও
ঢাকার সঙ্গে দক্ষিণ জনপদের সড়ক যোগাযোগের পথে গুরুত্বপূর্ণ ফেরিঘাট পাটুরিয়া-দৌলতদিয়ায় কয়েকটি ঘাট বন্ধ থাকায় দুদিন ধরেই চলছে যানজট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে পাড় ভেঙে পড়ায় দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে মাত্র দুটি এবং পাটুরিয়ার পাঁচটি ঘাটের মধ্যে একটি বন্ধ রয়েছে।
তাছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে ঘাটে ফেরি ভিড়তেও বেশি সময় লাগছে বলে জানিয়েছেন বিআডব্লিউটিএ এর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা সেলিম রেজা।
বিআইডব্লিউটিসি বলছে, স্বাভাবিক সময়ে যেখানে এই নৌপথে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার যানবাহন পারাপার করা যায়, সেখানে গত সোমবার ২ হাজার ৭৭২টি এবং মঙ্গলবার ৩ হাজার ৪৭৮টি যানবাহন পার করা গেছে।
আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন বলেন, ঈদের সময় ৮ থেকে ৯ হাজার যানবাহনের চাপ থাকে এই নৌপথে। ফেরি সঙ্কট না থাকলেও ঘাটের সমস্যার কারণে এবার ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় দুই সারিতে যানবাহন আটকে থাকতে দেখা গেছে।
