জিয়া দাতব্য ট্রাস্ট: তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার অনুমতি
তিন প্রশ্নে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরা করতে পারবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
খালেদা জিয়ার একটি আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন হাই কোর্টে নাকচ হয়ে যাওয়ায় আপিল বিভাগে এসেছিলেন খালেদার আইনজীবীরা।
আপিল বিভাগে খালেদার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
তিন প্রশ্ন
# ট্রাস্ট অ্যাক্টের ২৩ ধারা অনুসারে ট্রাস্ট বোর্ডের কোনো সম্পত্তির অপব্যবহার হলে বোর্ড অব ট্রাস্টি দায়ী কি-না
# হলফকারী হিসেবে তদন্ত কর্মকর্তা হলফ করে কী বলেছেন।
# এ মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে ২০০৫ সালে দুদক থেকে প্রত্যাহার করা হয়, তারপরও কীভাবে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন?
আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, কেইস ডায়েরি দেখতে আরেকটি আবেদন করেছিলেন খালেদা জিয়া।
“আপিল বিভাগ তা নিষ্পত্তি করে দিয়ে বলেছে, এটা আইনেই বলা আছে। তারা বিচারিক আদালতের অনুমতি নিয়ে সেটা দেখতে পারবে।
খুরশীদ আলম বলেন, “আদালত মামলার আগামী তারিখেই ইতিবাচকভাবে এটা করে ফেলতে বলেছেন।”
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।
দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ চলতি বছরের ৭ জানুয়ারি এ মামলায় সাক্ষ্য দেন। এরপর ১১ ফেব্রুয়ারি আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। খালেদা জিয়া বার বার সময় নিয়েও হাজির না হওয়ায় আদালতের আদেশে তার অনুপস্থিতিতেই তদন্ত কর্মকর্তাকে জেরা করেন বিএনপি নেত্রীর আইনজীবীরা।
এরপর ৯ মার্চ খালেদার আইনজীবীরা হারুনুর রশিদকে তদন্ত কর্মকর্তা নিয়োগের গেজেট প্রকাশ না করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যক্রম স্থগিতের জন্য হাই কোর্টে আরজি জানান।
ওই আবেদনের কথা জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা জজ আদালতে সময় চাইলে ৭ এপ্রিল তা নাকচ করে খালেদাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৭ এপ্রিল হাজির হতে নির্দেশ দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার।
এরপর ১৭ এপ্রিল আইনজীবীরা তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদা জিয়ার উপস্থিতিতে নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করেন, যা বিচারক নাকচ করে দেন। ওই আদেশ বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন, যা ১৯ এপ্রিল আদালতে ওঠে।
খালেদা জিয়ার আইনজীবীরা সেদিন জানান, তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা এবং তদন্ত নথি (কেস ডকেট) দেখানোর জন্য বিচারিক আদালতে আবেদন করা হলে ১৭ এপ্রিল তা খারিজ হয়। ওই আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়েই তারা দুটি আবেদন করেছেন।
দুই আবেদন শুনে হাই কোর্ট ১৫ মে তা খারিজ করে আদেশ দেয়। এরপর আপিলের আবেদন করেন খালেদা জিয়া, যার নিষ্পত্তি করে নতুন আদেশ এল।
বিচারের শেষ পর্যায়ে থাকা জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম চলছে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে বসানো বিশেষ এজলাসে। এ আদালতে ৬ অক্টোবর খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন রয়েছে বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদককে তিনি জানান, তৃতীয় বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় ঈদের ছুটি পড়ে যাওয়ায় এবং তার সময়ের আবেদনে আদালত সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২২ সেপ্টেম্বর নতুন তারিখ রেখেছে।
