২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মামলা স্থগিতের আবেদন খারিজ

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ হওয়ার পর মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার দুটি আবেদনও খারিজ করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 11:21 AM

Updated : 20 Aug 2022, 12:43 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

এর ফলে মামলার কার্যক্রম চালিয়ে নিতে কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 

আগামী ১৯ মে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এ দুর্নীতি মামলায় সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন রাখা আছে।

অবশ্য খালেদার অন্যতম আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জানিয়েছেন, হাই কোর্টের আদেশের অনুলিপি পেলে তারা আপিলে যাবেন। 

বিচারের শেষ পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।

এই আদেশ বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন, যা ১৯ এপ্রিল অবকাশকালীন একটি বেঞ্চে উপস্থাপন করেন তার আইনজীবীরা।

এর ধারাবাহিকতায় ২১ এপ্রিল হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করতে বলে।

আবেদন দাখিলের পর ১৯ এপ্রিল খালেদা জিয়ার আইনজীবীরা জানান, তদন্ত কর্মকর্তাকে জেরা পুনরায় গ্রহণ এবং তদন্ত নথি (কেস ডকেট) প্রদান ও দেখানোর জন্য বিচারিক আদালতে আবেদন করা হলে ১৭ এপ্রিল খারিজ হয়। ওই আদেশ বাতিল ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে দুটি আবেদন করা হয়েছে।

অবকাশ শেষে ২ মে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করেন খালেদার আইনজীবীরা, যা ৪ মে শুনানির জন্য ওঠে। এর ধারাবাহিকতায় ১০ মে তৃতীয় দিনে শুনানি শেষে হাই কোর্ট ১৫ মে আদেশের দিন রাখে। রোববার আবেদন দুটি খারিজ করে আদেশ দেয় আদালত।

আদালতে খালেদার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল ও  ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।

মামলা বৃত্তান্ত

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য চার আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য রয়েছে।

পুরনো খবর:

জিয়া দাতব্য ট্রাস্ট: হাই কোর্টে খালেদার দুই আবেদনে আদেশ ১৫ মে
গ্যাটকো মামলা : হাই কোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার লিভ টু আপিল