সম্প্রচার কমিশনের ক্ষমতা নিয়ে শঙ্কা সাংবাদিক নেতার
সম্প্রচার কমিশন গঠনের পর সংস্থাটিকে যখন-তখন সরাসরি সম্প্রচার বন্ধ করার ক্ষমতা দেওয়া হলে সেটা ‘অত্যন্ত ভয়ঙ্কর’ হবে বলে সতর্ক করেছেন এক সাংবাদিক নেতা।
বুধবার রাজধানীতে ‘তথ্যপ্রযুক্তি, নিউ মিডিয়া এবং গণমাধ্যমের বিবর্তন’ শীর্ষক এক সেমিনারের বক্তব্যে এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল।
তিনি বলেন, “শুনেছি সম্প্রচার কমিশন নামে একটি বিভাগ হবে। সেখানে টেলিভিশনগুলোর সরাসরি সম্প্রচার যেকোনো সময় বন্ধ করে দেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে এর কমিশনারকে। এটি হলে তা অত্যন্ত ভয়ঙ্কর হবে।
“এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনমন্ত্রী যেন গণমাধ্যমের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করেন। কারণ কখন কাকে কোথায় বসানো হবে, সেটা তো বলা যায় না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই সেমিনারে সাংবাদিকদের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বুলবুল।
তিনি বলেন, “তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় জঙ্গিবাদ দমনে বিভিন্ন নীতির উল্লেখ করা হয়েছে। কিন্তু সেটা থেকে গণমাধ্যমকে কীভাবে পৃথক রাখা যায় আইনে এর স্পষ্টতাও জরুরি। তা নাহলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।”
তথ্য যাচাই-বাছাই করে প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতা বুলবুল।
তিনি বলেন, “নিজেদের অন্যায়ের কারণে যখন কোনো সাংবাদিক গ্রেপ্তার হন, তখন নেতা হিসাবে আমাদেরও দুঃখ লাগে।”
নিউ মিডিয়ার প্রসার প্রসঙ্গে বুলবুল বলেন, “সাংবাদিকের উপস্থাপনের ধরণ সম্পর্কে জ্ঞান থাকতে হয়। কারণ একই সংবাদ পত্রিকায় এক রকম, টেলিভিশনে অন্যরকম আবার অনলাইনে আরেকটি ফরমেটে তৈরি করতে হয়।
“ট্রেডিশনাল মিডিয়ার কাজের ধরনের সঙ্গে নিউ মিডিয়ার কাজে বড় রকমের পার্থক্য রয়েছে। পশ্চিমা বিশ্বে কাগজে ছাপা পত্রিকার প্রচলন দিন দিন কমছে, পক্ষান্তরে দক্ষিণ এশিয়া ও ভারতীয় উপমহাদেশে কাগুজে পত্রিকার সার্কুলেশন এখনও বাড়তে দেখা যাচ্ছে।”
ফেইসবুক, ট্যুইটার, ইউটিউব, ব্লগসহ অন্যান্য নিউ মিডিয়ার কনটেন্টের ব্যবহার সম্পর্কে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এসব মিডিয়ার তথ্য যে কেউ ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারে, কিন্তু নিউজ আকারে ব্যবহারের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়। নিউ মিডিয়ার তুলনায় নিউজ মিডিয়া অত্যন্ত পরিপক্ক একটা বিষয়।”
অপতথ্যকে সঠিক তথ্য দিয়ে মোকাবেলার নীতি অবলম্বনের আহ্বান বিএফইউজে সভাপতি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “যেকোনো শিল্পের বিকাশে প্রথম দিকে উদার থাকতে হবে। তার মাধ্যমে শিল্পের প্রসারণ ঘটে। তার পরে প্রয়োজন বোধে ধীরে ধীরে নীতিমালার দিকে যাওয়া সহজ হয়।
“বাংলাদেশের সরকারও একইভাবে সাইবার নিরাপত্তা ও অনলাইন নীতিমালা প্রণয়ন করছে বুঝে শোনে।”
অনলাইন নীতিমালা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “কিছু স্থানে সংশোধনের প্রয়োজন থাকতে পারে। সেটা আমরা করবো আলাপ আলোচনার মাধ্যমে। এটি কোনোভাবেই চূড়ান্ত আইন নয়। এখনও সংশোধনের কয়েকটি ধাপ বাকি আছে।”
আইসিটি বিভাগ থেকে দেশের প্রতিটি জেলায় ৩০ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তাদের জন্য পৃথক কারিকুলাম ডেভেলপ করেছি। প্রায় ১৯২০ জন ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত হয়েছেন। সেখানে তারা ডিজিটাল কনটেন্ট ডেভেলপমেন্ট কোর্স করার পরে বিভিন্ন স্থানে ফ্রি ল্যান্সিংয়ের সুযোগ পাবেন।”
ঢাকার সাংবাদিকরাও চাইলে সেই প্রশিক্ষণ নিতে পারে মন্তব্য করে পলক বলেন, “তিন থেকে সাত বা ১৫ দিনের একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে সাংবাদিক নেতারা সেই কারিকুলাম ঠিক করতে পারেন।”
ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার। ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
