জামিন পেয়েছেন শিক্ষা ডটকম সম্পাদক
শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জামিন পেয়েছেন।
বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান মঙ্গলবার তার জামিন মঞ্জুর করেন।
আসামি সিদ্দিকুরের আইনজীবী মবিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
‘অসত্য তথ্যের ভিত্তিতে অশালীন প্রতিবেদন’ তৈরি ও প্রচারের অভিযোগে গত ৩০ অগাস্ট সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলার করেন ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন।
অভিযোগে তিনি বলেন, “এ ধরনের মিথ্যা ও অশ্লীল সম্প্রচারে আমার মানহানি হইয়াছে; রাষ্ট্র ও আমার ব্যাক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হইয়াছে এবং আমি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হইয়াছি।”
এরপর ১ সেপ্টেম্বর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সিদ্দিকুরকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাইবার ক্রাইম অ্যান্ড কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক শওকত আলী সরকার রিমান্ডের আবেদন করলে আদালত তা নাকচ করে সিদ্দিকুরকে কারাগারে পাঠিয়ে দেন।
