৯৪৮৪ নার্স নিয়োগের সুপারিশ
সরকারি হাসপাতালগুলোয় নয় হাজার ৪৮৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ৮ হাজার ৭৩৯ জন মহিলা ও ৭৪৫ জন পুরুষ।
এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও তথ্য বিভ্রাট ও প্রশাসনিক কারণে ১২৫ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে বলে রোববার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সুপারিশ স্থগিত থাকা প্রার্থীদের কমিশন গঠিত কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সনদ, তথ্য, নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৩ জনের মধ্যে ১১ হাজার ৯৫ জন পাস করেন। মৌখিক পরীক্ষায় ১০ হাজার ৯০০ জন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপারিশকৃত প্রার্থীদের সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
সুপারিশকৃত কোনো প্রার্থীর যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য দিলে বা কোনো গুরুতর ত্রুটি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল ছাড়াও আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ দেবে।
কোটায় নিয়োগ পাওয়াদের কোটা-সংশ্লিষ্ট সনদসহ অন্যান্য সনদ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে। সুপারিশকৃত সব প্রার্থীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
কোটা অনুযায়ী এবার তিনজন প্রতিবন্ধী প্রার্থীকে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
