২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের ফাঁসির চূড়ান্ত প্রস্তুতিতে কাশিমপুর

সরকারের নির্বাহী আদেশ পাওয়ার পর কর্মকর্তাদের একে একে কাশিমপুর কারাগারে ঢোকার মধ‌্যে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের ইঙ্গিত মিলছে।

ফয়সাল আতিক

আবুল হোসেন, কামাল তালুকদার ও , কাশিমপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 08:17 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

শনিবার এই জামায়াত নেতার পরিবারের সদস‌্যরা দেখা করে বেরিয়ে যাওয়ার পর এই কারাগারে ঢোকেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

এরপর কয়েক দফায় কারাগারে ঢোকেন জেলা প্রশাসক এস এম আলম, জেলা সিভিল সার্জন আলী হায়দার খান, জেলা পুলিশ সুপার হারুন-অর রশীদ।

মৃত‌্যুদণ্ড কার্যকরের আগে ফাঁসির মঞ্চে এই ব‌্যক্তিদের উপস্থিত থাকার রেওয়াজ থাকায় এটা মোটামুটি স্পষ্ট, শনিবার রাতেই মীর কাসেম আলীকে ঝোলানো হচ্ছে ফাঁসিতে।  

রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক ও সিভিল সার্জন ঢোকার আধা ঘণ্টা আগে কারাফটকজুড়ে পুলিশ-‌র‌্যাবের বেষ্টনির মধ‌্যে তিনটি অ‌্যাম্বুলেন্স কারাগারের ভেতরে ঢুকতে দেখা যায়।

ওই সময় ঢোকার পথে পুলিশ সুপার হারুন সাংবাদিকদের জিজ্ঞাসায় এক রকম ইঙ্গিত দিয়ে বলেন, “ফাঁসিকে কেন্দ্র করে আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি বোধ করছি না। তবুও সবকিছু বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।”

এর পরপরই কারাফটকের সামনে থেকে অন‌্য সবাইকে সরিয়ে দেওয়া হয়। গণমাধ‌্যমকর্মীদের আধা কিলোমিটারের বেশি দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

কারা অভ‌্যন্তরের এক কর্মকর্তা বলেন, কনডেম সেলে থাকা মীর কাসেমকে গোসল করানো হয়েছে, তওবাও করানোও হয়ে গেছে।

শনিবারই দণ্ড কার্যকর হবে, সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট ঘোষণা না এলেও এর আগে যত যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে, তাদের শেষ দিনই পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল।

ফলে সন্ধ‌্যায় মীর কাসেমের পরিবারের সদস‌্যদের ডেকে পাঠানোর পর থেকে ঘটনার আঁচ পেতে থাকে গণমাধ‌্যমকর্মীরা।

Image
কারাফটকে র‌্যাবের সতর্ক অবস্থান

কারাফটকে র‌্যাবের সতর্ক অবস্থান

ওই ইঙ্গিত করে আরও স্পষ্ট করে গাজীপুরের সুরক্ষিত এই কারাগারের ফটকে পুলিশের পাশাপাশি বিপুল সংখ‌্যক র‌্যাব সদস‌্যের সারি বেঁধে অবস্থান নেয়। জেলার বিভিন্ন স্থানে নামে বিজিবি সদস‌্যও।   

র‌্যাব সদস‌্যদের অবস্থানের আগে বিকাল সোয়া ৪টার দিকে কারাগারে ঢোকে ফায়ার সার্ভিসের একটা গাড়ি। পুলিশের একটি জলকামান আগের রাতেই কারাগারের ভেতরে নিয়ে রাখা হয়েছে।

কারাগারের আরপি চেকপোস্ট সংলগ্ন দোকানপাট দুপুরেই বন্ধ করে দেয় পুলিশ। কারাগারে অন‌্য বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের নিয়মিত কার্যক্রমও এ দিন ছিল বন্ধ।

ফাঁসি কার্যকরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেবল বলেন, “দেখেন, অপেক্ষা করেন।”

* কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা ১ মিনিটে

* কামারুজ্জামানের ফাঁসি রাত ১০টা ১ মিনিটে

* মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি রাত ১২টা ৫৫ মিনিটে

* নিজামীর ফাঁসি রাত ১২টা ১০ মিনিটে

‍যুদ্ধাপরাধীদের মধ‌্যে এই প্রথম কারও সাজা কার্যকর হচ্ছে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এর আগের পাঁচজনের দণ্ড কার্যকর হয়েছিল ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে, যা সম্প্রতি কেরানীগঞ্জে স্থানান্তর হয়েছে।

জামায়াতের মজলিসে শূরা সদস‌্য মীর কাসেমকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৪ সালে মৃত‌্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনাল। চলতি বছর মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায় তিনি রিভিউ আবেদন করেন।

আপিল বিভাগ গত মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ করে দিলে কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে।

সংঘ থেকে শিবির

১৯৫২ সালে জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে হলেও বাবার কর্মসূত্রে মীর কাসেমের (মিন্টু) বেড়ে ওঠা চট্টগ্রামে। ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি হিসেবে আল বদর বাহিনীর আঞ্চলিক নেতা। ডালিম হোটেল ছিল তার নির্যাতন কেন্দ্র। ১৯৭৫ সালের পর জামায়াত সক্রিয় হয়ে উঠলে ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি।

মীর কাসেমের প্রাণ বাঁচানোর শেষ সুযোগ ছিল কৃতকর্মের জন‌্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার।

Image
মীর কাসেম আলী

মীর কাসেম আলী

তিনি সেই সুযোগ নেবেন না বলে শুক্রবার কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিলে দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।

জামায়াতের প্রধান অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত ৬৩ বছর বয়সী মীর কাসেমকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ৪০ নম্বর কনডেম সেলে।

জেলার নাশির আহমদ শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাগারের চিকিৎসকরা বন্দির স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।

জামায়াতের আর্থিক মেরুদণ্ড

ইসলামী ব‌্যাংকের প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম‌্যান ও পরিচালক; বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইবনে সিনা ট্রাস্ট, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য; রাবেতা আল ইসলামীর প্রতিষ্ঠাতা; দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান; কেয়ারি গ্রুপের কর্ণধার।

কারাগারের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাঁসির দণ্ড কার্যকর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি তারা নিয়েছেন। কারাগারের দক্ষিণ পূর্ব কোণের ফাঁসির মঞ্চটি পরিচ্ছন্ন করা হয়েছে। মোম মাখানো দড়িতে আনুমানিক ওজনের বালির বস্তা বেঁধে প্রাথমিক মহড়াও দেওয়া হয়েছে।

চারজন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান। এই দল এর আগে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করেছিল।

এই তোড়জোড়ের মধ্যে কারা কর্তৃপক্ষের ডাক পেয়ে বিকাল সাড়ে ৩টায় ছয়টি মাইক্রোবাসে করে কাশিমপুরে পৌঁছান মীর কাসেমের পরিবারের সদস‌্যসহ ৪৫ জন আত্মীয়।

Image
দেখা করতে ঢুকছেন স্বজনরা

দেখা করতে ঢুকছেন স্বজনরা

Image
ফাঁসির অপেক্ষায় মুক্তিযোদ্ধারা

ফাঁসির অপেক্ষায় মুক্তিযোদ্ধারা

তাদের মধ‌্যে মীর কাসেমের স্ত্রী, মেয়ে, পুত্রবধূসহ ৩৮ জনকে ভেতরে ঢুকতে দেওয়া হয় বলে জেলার নাশির আহমেদ জানান। সন্ধ‌্যা ৬টা ৩৫ মিনিটে তারা বেরিয়ে গাড়িতে উঠে চলে যান।

এরপর কারা ফটকে নিরাপত্তা জোরদারের মধ‌্যে সন্ধ‌্যা ৭টায় কারাগারের প্রধান ফটক দিয়ে ঢোকেন দেশের শীর্ষ কারা কর্মকর্তা ইফতেখার।

এর আগে দুপুরে দণ্ড কার্যকরে সরকারের নির্বাহী আদেশ কাশিমপুরে পৌঁছনোর পর দেড়টার দিকে অতিরিক্ত আইজি প্রিজন্স কর্নেল ইকবাল হাসানকে কারাগারে ঢুকতে দেখা যায়। এরপর বিকাল ৪টায় কারাগারে যান ডিআইজি প্রিজন্স গোলাম হায়দার।

যে অভিযোগে ফাঁসি

অভিযোগ ১১: ১৯৭১ সালে ঈদুল ফিতরের পরের যে কোনো একদিন মীর কাসেমের পরিকল্পনা ও নেতৃত্বে আলবদর বাহিনীর সদস্যরা চট্টগ্রাম শহরের কোনো এক অজ্ঞাত স্থান থেকে মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আন্দরকিল্লার ডালিম হোটেলে নিয়ে যায়। তাকে ২৮ নভেম্বর পর্যন্ত সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে জসিমের মৃত্যু হলে আরো পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশসহ তার মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়।

মৃত‌্যুদণ্ড কার্যকরের আগে মুসলিম বন্দিকে তওবা পড়ান একজন ইমাম। কাশিমপুর কারা মসজিদের ইমাম মুফতি হেলাল উদ্দিন মীর কাসেমকে তওবা পড়ান বলে এক কারা কর্মকর্তা জানান।

এছাড়া মৃত‌্যু নিশ্চিতের জন‌্য জেলা সিভিল সার্জন ফাঁসির সময় উপস্থিত থাকেন। তিনি জেলা প্রশাসকের সঙ্গে রাত সাড়ে ৯টায় ঢুকেছেন। তাদের সঙ্গে এডিএম রাহেনুর ইসলামও ঢুকেছেন।

মৃত‌্যুদণ্ড কার্যকরের পর লাশ বের করা হয় অ‌্যাম্বুলেন্সে করে। সেই অ‌্যাম্বুলেন্স ঢুকেছে। তবে মীর কাসেমের দাফন কোথায় হবে, সে বিষয়ে কোনো তথ‌্য পাওয়া যায়নি।

অ‌্যাম্বুলেন্সের সঙ্গে ঢোকার পথে গাজীপুরের পুলিশ সুপার হারুন সাংবাদিকদের বলেন, চার স্তরের নিরাপত্তা ব‌্যবস্থা নেওয়া হয়েছে।  

“সাড়ে চারশর মতো পুলিশ, ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য কারাগারের আশপাশে মোতায়েন করা হয়েছে।”

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সার্বিক নিরাপত্তার জন‌্য গাজীপুরে বাহিনীর চার প্লাটুন সদস‌্য মোতায়েন করা হয়েছে।