রূপনগরে আহত পুলিশ কর্মকর্তারা ‘শঙ্কামুক্ত’
রূপনগরে জঙ্গি আস্তানায় অভিযানে গিয়ে গুরুতর আহত ওসি সৈয়দ সহিদ আলম ও পরিদর্শক (তদন্ত) শাহীন ফকিরের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
অস্ত্রোপচারের পর তারা শঙ্কামুক্ত হয়েছেন বলেও শনিবার দুপুরে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুরের রূপনগরের ৩৩ নম্বর সড়কের একটি বাসায় পুলিশের অভিযানে মুরাদ ওরফে মেজর মুরাদ নামের এক জেএমবি সদস্য নিহত হন।
অভিযানে আহত রূপনগর থানার দুই কর্মকর্তা শহীদ ও শাহীনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শহীদের কোমরে এবং শাহীনের বাঁ কাঁধ ও মাথায় ধারাল অস্ত্রের জখম রয়েছে। শাহীনের ডান পায়েও জখম রয়েছে।
চিকিৎসকদের উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা মাসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কয়ার হাসপাতালে ভোর ৪টার দিকে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
অভিযানে আহত পুলিশের আরও তিন সদস্য ঢাকা মেডিকেলে ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, তারাও এখন শঙ্কামুক্ত।
রূপনগরের ঘটনার আগে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পরিস্থিতি সামাল দিতে গিয়ে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালাউদ্দীন নিহত হন।
তার পর সপ্তাহ না হতেই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাঁহের একটি প্রবেশ পথে পুলিশের তল্লাশি চৌকিতে জঙ্গিরা হামলা চালালে দুই কনস্টেবল নিহত হন।
