‘পনের অগাস্ট বঙ্গবন্ধুর আরেক জন্মান্তর’
বাঙালির অনন্তকালের পথচলায় জাতিসত্তাবোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি বছর পনের অগাস্টে ‘নবজন্ম লাভ’ করেন বলে মন্তব্য করেছেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহাম্মদ নূরুল হুদা।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত-নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা, সংগীত ও কবিতাপাঠের আসরে একথা বলে তিনি।
মুহাম্মদ নূরুল হুদা বলেন, “পনের অগাস্ট বঙ্গবন্ধুর আরেক জন্মান্তর। বঙ্গবন্ধুর রক্তধারায় স্নাত হয়ে পনের অগাস্ট পুনর্জন্ম নেয় আমাদের বাংলাদেশ। সেই বাংলাদেশ আর পিছিয়ে পড়ার মতো অবস্থায় নেই।
“কোটি বাঙালির মিছিলে বঙ্গবন্ধুর নামটি সর্বাগ্রে উচ্চারিত হবে। যারা বাংলাদেশের অস্তিত্বে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, তারা কখনও বাঙালি হতে পারে?,” প্রশ্ন রাখেন এই ‘বাংলা জাতিসত্তার কবি’।
তিনি বলেন, “যারা বঙ্গবন্ধুর বুকে সেদিন গুলি চালিয়েছিল তারা অবাঙালি। বাংলার অনাদিকালের পুত্র-কন্যারা তাদের মধ্যে বঙ্গবন্ধুর শরীরকে নিজেদের মধ্যে ধারণ করেছে। যুগে যুগে তারাই রুখবে সেসব অবাঙালিদের।”
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের অভিযোগ, “বঙ্গবন্ধুর আদর্শ, দর্শনকে ধ্বংসের ষড়যন্ত্র আজও চলছে।”
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান কোনোভাবেই জড়িত ছিলেন না বলে দাবি করেন অনেকে।
“কিন্তু তৎকালীন উপ সেনাপ্রধান জিয়াউর রহমান খুনিদের বলেছিলেন, ‘গো অ্যাহেড’। তার ভূমিকা হওয়া উচিত ছিল, রাষ্ট্র-দেশকে রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে যাওয়া। কিন্তু তিনি তা করেননি।”
ইতিহাসের নানা তথ্য-উপাত্ত উপস্থাপন করে জিয়াউর রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
সংসদ সদস্য কবি কাজী রোজী বলেন, “আমাদের সবার ভেতরে বঙ্গবন্ধু বাস করছেন। তিনি আমাদের বলেছেন, দেখ-দেখাও, শেখ-শেখাও, জানো-জানাও’। আমরা এখনও তার সেই কথা শুনতে পাই।”
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, “শুধু বাঙালি নয়, বঙ্গবন্ধু ছিলেন সারা পৃথিবীর শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের নেতা।”
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার বলেন, “জীবিত বঙ্গবন্ধু থেকে মৃত বঙ্গবন্ধু ঢের শক্তিশালী। রাজনীতির মহাকবি সাতই মার্চ যে মহাকাব্য রচনা করেছিলেন, তার প্রতিটি বাক্যকে আমাদের আরো বেশি বিশ্লেষণ করা উচিত।”
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে দাবির নিন্দা জানিয়ে তিনি বলেন, “জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে কখনও স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করেননি। জিয়ার মৃত্যুর পর তাকে যারা এ আখ্যা দিয়েছে, তারা আসলে বঙ্গবন্ধুকে বিকৃত করতে চায়।”
পরে নিজের লেখা ‘শোকগাঁথা’ শিরোনামে একটি কবিতা পড়ে শোনান তিনি।
সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন জাতি হিসেবে গর্ব করতে পারতাম না। নিজের মাকে মা বলে ডাকতে পারতাম না। তিনি তার রক্তে ভেজা একটি পতাকা, একটি দেশ, সংবিধান ও রাষ্ট্র দিয়ে গেছেন আমাদের।”
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ। কবিতা পাঠ করেন সমকালীন বাংলা কবিরা।
পরে ‘বঙ্গবন্ধু বাংলার বন্ধু’ শিরোনামে একটি সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
