মঙ্গলবার থেকে বাসের আগাম টিকেট
আসছে কোরবানির ঈদের ছুটি সামনে রেখে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন টিকেট কাউন্টারে উত্তর বঙ্গগামী বাস সার্ভিসগুলোর টিকেটের বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি ফারুক তালুকদার সোহেল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তাদের সোহাগ পরিবহনের টিকেট সকাল ৬টা থেকেই বিতরণ শুরু হবে।
ঈদ উৎসবের ছুটি উপলক্ষে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্যই আগাম টিকেট ছাড়ে বাস সার্ভিসগুলো। তবে খুলনা, সাতক্ষীরা, যশোরসহ দক্ষিণাঞ্চলের কিছু জেলার জন্যও স্বল্প পরিসরে আগাম টিকেটের ব্যবস্থা করে ওই অঞ্চলে যাতায়তকারী কোম্পানিগুলো।
এদিকে আগামী ২৯ অগাস্ট থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারা দেশে চলাচলকারী ট্রেনেরও আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে চারটির বেশি টিকেট দেওয়া হবে না এবং বিক্রি হওয়া টিকেট ফেরত নেওয়া হবে না।
