বাসের ঈদটিকেট বিক্রির দিন ‘ঠিক হয়নি’
কোরবানির ঈদ উপলক্ষে আগামী ২৬ অগাস্ট থেকে বাসের আগাম টিকিট বিক্রির খবর ছড়ালেও তা ঠিক নয় বলে জানিয়েছেন বাস মালিক সমিতির শীর্ষনেতা।
মঙ্গলবার কয়েকটি টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রে এই খবর আসার পর বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেলের সঙ্গে যোগাযাগ করা হলে তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে এই খবর ছড়াল, তা আমার বোধগম্য নয়। এনিয়ে কোনো মিটিংও হয়নি। এ ধরনের সিদ্ধান্ত হলে তো আমি জানতাম।”
ফারুক তালুকদার জানান, দু-এক দিনের মধ্যে ঈদের আগাম টিকিট বিক্রি নিয়ে দূরপাল্লার বাস মালিকরা বসে সিদ্ধান্ত নেবেন।
বাসে ঈদটিকেটের জন্য ভিড়ের এই ছবি ঈদুল ফিতরের
প্রতি বছরই ঈদের কয়েক সপ্তাহ আগে থেকে আগাম টিকেট বিক্রি শুরু হয়। ট্রেনের টিকেট বিক্রির সময়সূচি রেলওয়ে ঠিক করে। বাসের ক্ষেত্রে মালিক সমিতিই ঠিক করে।
মঙ্গলবার সকালে একটি টেলিভিশনের স্ক্রলে ঈদুল আজহা উপলক্ষে ২৬ অগাস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য আগাম টিকিট বিক্রি শুরু হবে খবর দেওয়া হয়। এরপর কয়েকটি গণমাধ্যমে একই খবর আসে।
আগামী ২৬ অগাস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য আগাম টিকেট দেওয়া হবে বলে হানিফ পরিবহনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুস সামাদকে উদ্ধৃত করে খবর আসে একটি দৈনিকের অনলাইন সংস্করণে।
যোগাযোগ করা হলে সৌদিয়া পরিবহনের কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কেনো সিদ্ধান্তের কথা আমরা জানি না। তবে ২৫ অগাস্টের পর আগাম টিকেট বিক্রি শুরুর প্রস্তুতি আমাদের রয়েছে।”
বাসের ঈদ টিকেট বিক্রি ২৬ অগাস্ট শুরুর এই খবরটি এসেছিল প্রথম আলোতে
সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সাংবাদিকের সঙ্গে আমার পরিচয় আছে। আমি তাকে নিষেধ করেছিলাম এধরনের খবর ছাপতে। কেন যে করল? দুঃখ পেলাম আমি।”
একটি ইংরেজি দৈনিকের অনলাইন সংস্করণে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রমেশ চন্দ্র ঘোষের বরাত দিয়ে ২৬ অগাস্ট থেকে আগাম টিকেট বিক্রি শুরু হতে পারে বলে খবর আসে।
“রমেশ চন্দ্র এধরনের কথা বলতে পারেন না,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন সংগঠনের সভাপতি ফারুক তালুকদার।
