২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২৯ অগাস্ট

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৯ অগাস্ট থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকেট বিক্রি; প্রথম দিন দেওয়া হবে ৭ সেপ্টেম্বরের টিকেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 02:46 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রেল ভবনে রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এক সংবাদ সম্মেলনে বলেন, “ঈদের ১০ দিন আগে আগাম টিকেট বিক্রি করব যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। ঈদের পরেও টিকেট বিক্রি করব।”

কোরবানির ঈদের আগে-পরে বিশেষ ট্রেন ছাড়াও ঈদ সামনে রেখে রেলে অতিরিক্ত কোচ ও ইঞ্জিন সংযোজন করা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিদিন সকাল ৮টা থেকে আগাম টিকেট বিক্রি শুরু হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, একজন যাত্রীকে চারটির বেশি টিকেট দেওয়া হবে না এবং বিক্রি হওয়া টিকেট ফেরত নেওয়া হবে না।

“রোজার ঈদের সময় প্রতিদিন আড়াই লাখ যাত্রীর আসা-যাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই ঈদে প্রতিদিন দুই লাখ ৬০ হাজার যাত্রী আসা-যাওয়া করতে পারবেন সে ব্যবস্থা করেছি। আমাদের সার্বিক প্রস্তুতি ঠিক আছে, আমরা শতভাগ সেবা দিতে পারব ইনশাল্লাহ।”

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ সেপ্টেম্বর কোরবানির ঈদ হবে। সে অনুযায়ী ট্রেনের আগাম টিকেট বিক্রির সময় ঠিক করা হয়েছে।

                 ঈদের আগের টিকেট বিক্রির সূচি

টিকেট কেনা যাবে                       যাত্রার তারিখ

২৯ অগাস্ট                                            ৭ সেপ্টেম্বর

৩০ অগাস্ট                                            ৮ সেপ্টেম্বর

৩১ অগাস্ট                                             ৯ সেপ্টেম্বর

১ সেপ্টেম্বর                                            ১০ সেপ্টেম্বর

২ সেপ্টেম্বর                                            ১১ সেপ্টেম্বর

                  ঈদের পরে টিকেট বিক্রির সূচি

টিকেট কেনা যাবে                         যাত্রার তারিখ

৫ সেপ্টেম্বর                                            ১৪ সেপ্টেম্বর

৬ সেপ্টেম্বর                                            ১৫ সেপ্টেম্বর

৭ সেপ্টেম্বর                                            ১৬ সেপ্টেম্বর

৮ সেপ্টেম্বর                                            ১৭ সেপ্টেম্বর

৯ সেপ্টেম্বর                                            ১৮ সেপ্টেম্বর

রেলমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য ট্রেনে যত মানুষ যাতায়াত করবে তারা যেন নিরাপদে বাড়ি গিয়ে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারেন। সব যাত্রীদের সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

রোজার ঈদের চেয়ে এবার যাত্রীদের বেশি সেবা দেওয়ার আশার কথা শুনিয়ে মুজিবুল হক বলেন, “আমাদের মূল লক্ষ্য এই ঈদের যেন যাত্রীরা শতভাগ সেবা পায়, এজন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছি।”

ঈদের তিন দিন আগ থেকে আগামী ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পরের সাত দিন আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন জোড়া করে বিশেষ ট্রেন চলবে।

রেলমন্ত্রী বলেন, “ঈদে অনেক সময় কালোবাজারি, মলম পার্টি, অজ্ঞান পার্টি, সন্ত্রাসী, জঙ্গিরা হয়ত যাত্রীদের ওপর অতর্কিত হামলা করতে পারে। এজন্য আমাদের নিজস্ব বাহিনী ছাড়াও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রেল স্টেশনে উপস্থিত থেকে যাত্রীদের নিরাপত্তা দেবেন।”

গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদের সময় তারা কর্মস্থলে থাকবেন। রেল ভবনে একটি কন্ট্রোল রুম করা হয়েছে, সেখান থেকে তারা দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী জানান, রেলের বহরে থাকা এক হাজার ছয়টি কোচের সঙ্গে আরও ১৪০টি কোচ যোগ করা হয়েছে। এছাড়া নিয়মিতভাবে চলাচলকারী ২০২টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৮টি ইঞ্জিন।

আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত উপকূল এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ছাড়া অন্য সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি থাকবে না।

ঈদের দিন শোলাকিয়ায় স্পেশাল দুই জোড়াসহ মোট সাত জোড়া ট্রেন চলবে বলেও রেলমন্ত্রী জানান।

রেল সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ছাড়াও মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।