২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফসানার ময়নাতদন্তের নামে নাটক হচ্ছে: অভিযোগ স্বজনদের

ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌস আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য প্রত্যাখ্যান করে তার স্বজনরা বলছেন, এই ময়নাতদন্ত ‘নাটক’ ছাড়া কিছু নয়।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 01:46 AM

Updated : 11 Oct 2022, 08:38 PM

পুরনো খবর:

আফসানার ময়নাতদন্ত পুনরায় করার দাবি

এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওই বক্তব্যের পর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়েছে ‘খুন-ধর্ষণ-জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন’ নামের একটি সংগঠন।

ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী আফসানাকে মৃত অবস্থায় গত ১৩ অগাস্ট রাতে পল্লবীর আল হেলাল হাসপাতালে ফেলে যায় দুই তরুণ।

তারপর এই তরুণীর পরিবার দাবি করে, আফসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং এতে তার কথিত বন্ধু তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রবিন জড়িত।

আফসানার ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম শফিউজ্জামান রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেহের কোথাও আঘাত না পাওয়ায় তারা ধারণা করছেন যে এই তরুণী আত্মহত্যা করেছেন।

“তবে আরও কিছু পরীক্ষা বাকি থাকায় আফসানাকে ধর্ষণ কিংবা বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।”

চিকিৎসকের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আফসানার এক আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তা হতে পারে না। এটা নাটক ছাড়া আর কিছুই বলব না।”

“যদি আফসানা আত্মহত্যাই করে তাহলে এ ঘটনা নিয়ে এতো লুকোচুরি কেন? কোন দুজন তাকে হাসপাতালে নিল? কেন বিভিন্ন নম্বর থেকে আফসানার ভাই ও মাকে আপোষের প্রস্তাব দিবে? আর রবিন কেন পালিয়ে যাবে?,” এসব প্রশ্ন রাখেন তিনি।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আফসানার এই স্বজন বলেন, “দেখুন যদি চিকিৎসক এমনটি বলে থাকে তাহলে আমার এসব প্রশ্নের উত্তর দেন। আত্মহত্যা হলে এগুলো ঘটবে কেন?”

চিকিৎসকের বক্তব্য নাকচ করে আফসানার মামা হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেখেন কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে তার ঘরে করবে। অন্যের বাসায় তো আত্মহত্যা করতে পারে না।

“অন্যের বাসায়তো কেউ কাউকে আত্মহত্যা করতে দেবে না।”

“আর যদি আত্মহত্যা করে তাহলে রবিন কোথায়? তারাতো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। তাহলে রবিন কেন পালিয়ে আছে?,” প্রশ্ন রাখেন তিনি।

পুনরায় ময়নাতদন্তের আবেদন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “পরিবারের সঙ্গে কথা বলে দেখি, আইনজীবী আমাদের কী পরমর্শ দেন তার ওপর সব কিছু নির্ভর করছে।”

আফসানার ভাই ফজলে রাব্বির বক্তব্য জানতে চাইলে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। পরে স্তব্ধতা ভেঙে বলেন, “কী বলব, কিছুই বুঝতে পারছি না।”

ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য প্রত্যাখ্যান করে আফসানার মা সৈয়দা ইয়াসমিন রুমা বলেন, “আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আমার মতো ভুক্তভোগী যেন কেউ না হয়। প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চাচ্ছি।”

এ ঘটনার তদন্তের অগ্রগতি জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও ঘটনাস্থল চিহ্নিত করতে পারেননি তারা।

“আসামিদের গ্রেপ্তার করতে পারলে সব কিছু পরিষ্কার হবে।”

ময়নাতদন্ত প্রতিবেদন পেয়েছেন কি না জানতে চা্ইলে তিনি বলেন, “একটি প্রতিবেদন পেয়েছি, তবে সেটি পূর্ণাঙ্গ নয়।”

ঘটনাস্থল কোথায় পুলিশ তা বলতে না পারলেও আফসানার মামা হাসানুজ্জামান বলেন, “মানিকদির যে এলাকায় আফসানা ভাড়া থাকত ওই এলাকায় একটি ‘সবুজ ছাতা’ গলি আছে। সেই গলির একটি বাসায় তাকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।”