‘ফেল করার মতো’ প্রশ্ন হয়নি বলে যশোর বোর্ডে এত পাস?
গতবারের ফল বিপর্যয় কাটিয়ে উচ্চ মাধ্যমিকে যশোর শিক্ষা বোর্ডে এবার পাসের হার এক লাফে বেড়েছে ৩৬ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট।
গত বছরের ধাক্কার পর বিভিন্ন পদক্ষেপের জন্যই পাসের হারে এই উল্লম্ফন বলে দাবি করছে যশোর বোর্ড কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলছেন, যশোর বোর্ডের গত বছরের ফল বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় বিশেষ জোর দেওয়ায় এই বোর্ডে এবার ভালো ফল হয়েছে।
সেইসঙ্গে ‘ফেল করার মতো প্রশ্ন’ না হওয়াকেও কারণ দেখিয়েছেন শিক্ষা বোর্ডটির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
বৃহস্পতিবার সারাদেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএইচসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশ হয়।
আটটি শিক্ষা বোর্ডে পাসের হার ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট বাড়লেও যশোর বোর্ডে এই হার ৩৬ দশমিক ৯৭ শতাংশ পয়েন্ট বাড়তে দেখা যায়।
গত বছর গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ হলেও যশোর বোর্ড ছিল সবচেয়ে পিছিয়ে। সেবার যশোরে পাসের হার ছিল ৪৬ দশমিক ৪৫ শতাংশ।
এমন উল্লাস সবচেয়ে বেশি ছিল যশোর বোর্ডে
এবার গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ, আর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা যশোরে এই হার ৮৩ দশমিক ৪২ শতাংশ।
এক লাফে পাসের হার এতটা বাড়ার কারণ জানতে চাইলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব রুদ্র প্রথমেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করেছিলাম আরও ভালো ফল হবে।”
ভালো ফলের ব্যাখ্যায় তিনি বলেন, “গত বছরের ফল খারাপের পর তদন্ত কমিটি করে দেখা যায়, ইংরেজি ও পদার্থ বিজ্ঞানে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে। এবার যশোর বোর্ডের কোনো প্রশ্নই ফেল করার মতো হয়নি, তাই ছাত্ররা ভালো করেছে।”
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর প্রথমবারের মতো প্রতি বিষয়ের ৩২ সেট থেকে লটারির মাধ্যমে এক বোর্ডের তৈরি প্রশ্নে অন্য বোর্ডে পরীক্ষা নেওয়া হয়।
কোনো বোর্ডের তৈরি করা প্রশ্ন ওই বোর্ড ছাড়া অন্য সাতটি বোর্ডের জন্য লটারির মাধ্যমে এবারও নির্ধারণ করে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে।
গত বছর যশোরে পরীক্ষার্থী ছিল এক লাখ ১৪ হাজার ২৮১ জন, তার মধ্যে উত্তীর্ণ হয় ৫৩ হাজার ৮৭ জন। এবার ১ লাখ ৩০ হাজার ৫৭২ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯২৯ জনই উত্তীর্ণ হয়েছে।
যশোর বোর্ডের একজন কর্মকর্তা জানান, গত বছর লটারিতে যশোর বোর্ডের ইংরেজি ও পদার্থ বিজ্ঞানে কঠিন প্রশ্ন পড়ায় ঢালাওভাবে শিক্ষার্থী ওই দুই বিষয়ে ফেল করে।
পরীক্ষা নিয়ন্ত্রক মাধব রুদ্র বলেন, “এবার রাজনৈতিক অস্থিরতা ছিল না, বোমা ফোটেনি, পরীক্ষা পেছায়নি, শিক্ষার্থীরা ভালোমত পরীক্ষা দিয়েছে, যার প্রভাব ফলাফলে রয়েছে।
যশোর শিক্ষা বোর্ড
“গত বছরের ধাক্কা কাটিয়ে উঠতে বোর্ড থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মোটিভেশন ওয়ার্কশপ করেছি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।”
যশোর বোর্ডে গত বছর শুধু ইংরেজিতে ফেল করা ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী এবার ওই এক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রায় সবাই পাস করেছে বলে জানান মাধব চন্দ্র।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুই বিষয়ে মোট চারটি পত্রে ফেল করলে পরের বছর শুধু ওই বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।
মাধব চন্দ্র বলেন, গত বছরের এক বিষয়ে অকৃতকার্যদের বেশিরভাগ পাস করায় তা পাসের হার বাড়াতে প্রভাব রেখেছে।
যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মজিদও বলেন, যশোর বোর্ডে গত বছর দুইটি বিষয়ের জন্য ফল বিপর্যয় হয়।
“অন্য বোর্ডের থেকে এই বোর্ডে এবার পরীক্ষার্থী বেশি, এক লাখ ৩৫ হাজার … গত বছরের ফলে নাড়া দেওয়ার কারণে কলেজ প্রধান ও অভিভাবকদের সঙ্গে বসি। শিক্ষা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে পেরেছি।”
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
যশোর বোর্ডের ভালো ফল দেখাতে উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল কি না- এ প্রশ্নের মুখে পড়েন ফল প্রকাশের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসা শিক্ষামন্ত্রী নাহিদ।
উত্তরে তিনি বলেন, “নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এমন চাপে নেই দেশের মধ্যে।
“নম্বর যদি বাড়িয়ে দিতে বলি তাহলে আপনাদের (সাংবাদিক) দৃষ্টি এড়াবে না। রেজাল্টের পরে এই তথ্য পেতেন না, তখনই পেয়ে যেতেন, তাই এই অভিযোগ ভিত্তিহীন। আর এটা (নম্বর বাড়িয়ে দেওয়া) খাতা বিলি করার দিনই বলতে হত।”
যশোর বোর্ডের গত বছরের ফলকে ‘দুর্ঘটনা’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “গত বছরের যশোর বোর্ডের ফল বিবেচনায় নিয়ে আমরা চাপ দেওয়ার চেষ্টা করি...বিশেষ জোর দিয়েছিলাম, বিশেষ চেষ্টা করেছিলাম। গত বছর পিছিয়ে পড়ার ফলে আমরা, অভিভাবকরা চাপ দিয়েছিলাম।”
