পাওনার জন্য বিজিএমইএ ভবনে শ্রমিকদের অবস্থান
বেতনসহ পাওনা আদায়ে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ দেখিয়েছে গাজীপুরের বন্ধ হয়ে যাওয়া একটি পোশাক কারখানার শ্রমিকরা ।
মঙ্গলবার দুপুরে মজুমদার অ্যাপারেলসের শ্রমিকরা লাল পতাকা হাতে কারওয়ান বাজারে ভবনটির সামনে অবস্থান নেয় বলে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন জানান।
তিনি বলেন, ২ অগাস্ট কারখানাটি বন্ধ হওয়ার আগে মালিক, শ্রমিক ও বিজিএমইএর মধ্যে অনুষ্ঠিত সমঝোতা সভায় পাওনা পরিশোধে প্রতিশ্রুতি দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু শ্রমিকদের ‘ন্যায্য পাওনা’ না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
“কারখানাটিতে ৪২০ জন শ্রমিক কাজ করতেন। বন্ধ হওয়ার মাত্র ১২ দিন আগে তাদের নোটিস দেওয়া হয়।”
মালিকপক্ষ বেশিরভাগ শ্রমিকের বেতনভাতা নিয়ে ‘কারচুপি’ করছে বলে শ্রমিকদের অভিযোগ।
তিন বছর ধরে কারাখানাটিতে কাজ করে আসা সাবিনার অভিযোগ, বন্ধের সময় তার ২২ হাজার ৬৫০ টাকা পাওনা থাকলেও তাকে পাঁচ হাজার টাকা কম দিয়েছে কর্তৃপক্ষ।
“দিছে ১৭ হাজার ৬শ ৫০টাকা, আরও ৫ হাজার টাকা পামু। কিন্তু তা দেয় না।”
বিজিএমইএর জ্যেষ্ঠ সহকারী সচিব মেজবা উদ দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীদের দাবি যৌক্তিক নয়। কারখানাটির ৯০ ভাগ শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।
“বাকিদের বেতনসহ অন্যান্য পাওনাও পরিশোধ করে দেওয়া হবে।”
এবিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই বলেও জানান তিনি।
