১৫ অগাস্ট স্মরণে জয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর খুনিদের ‘দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ করার’ অভিযোগ এনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
হত্যাকাণ্ডের ৪১তম বার্ষিকীতে সোমবার এক ফেইসবুক স্ট্যাটাসে এই অভিযোগ আনেন বঙ্গবন্ধুর এই দৌহিত্র।
তিনি লিখেছেন, “স্বৈরশাসক জিয়াউর রহমান এই খুনিদের শুধু রক্ষা করেনি বরং যেন এই হত্যাকারীদের কখনও বিচার করা না যায় সেজন্য সে মার্শাল ল' এর অধীনে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করে। তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে সে পুরস্কৃতও করে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। তার পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর ছোট ছেলে ১০ বছর বয়সী শেখ রাসেলকে হত্যার ঘটনাটিও স্মরণে আনেন জয়।
তিনি লেখেন, “হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিল যে আমার মামীদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি।
“আমার নানা ছাড়া বাকি সবাইকে কোনো চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীরা ছিল একেবারে জঘন্য।”
সপরিবারের বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও সেসময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা।
এবিষয়ে জয় লেখেন, “আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তারা দূরে। তারা সব হারিয়েছে এবং স্বদেশে ফিরতে পারছিল না।
“সবচেয়ে খারাপ ছিল যে বার্তা পাওয়ার বিষয়টি সেসময় এমন কঠিন ছিল যে তারা নিশ্চিতভাবে এও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই।”
জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ১৫ অগাস্টের দিনটিকে সবাইকে স্মরণের অনুরোধ জানিয়ে ফেইসবুক স্ট্যাটাস শেষ করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়।
