বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসক বসান: সিপিবি
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ঢাকার প্রতিটি ওয়ার্ডে একজন করে প্রশাসক বসানোর দাবি জানিয়েছে সিপিবি।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদও জানিয়েছে দলটি।
জনজীবনের দুর্ভোগ অবসানের দাবিতে বৃহস্পতিবার পল্টনে সিপিবির এক সমাবেশে দলটির নেতারা বলেন, সরকার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটি কার্যকর না করায় ভাড়াটিয়ারা বিপাকে পড়েছে।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মাসুম বলেন, “নগরীর ৮৩ শতাংশ মানুষ ভাড়াটিয়া, তাদের নাভিঃশ্বাস উঠেছে। আমরা দাবি জানিয়েছিলাম, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে নগরীর প্রতিটি ওয়ার্ডে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হোক, কিন্তু তা কানে তোলেনি সরকার।”
হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে প্রতিটি বিভাগীয় শহরে ৪ শতাংশ জায়গা হকারদের চেড়ে দেওয়ার দাবি জানানো হয় সমাবেশে।
হকার্স ইউনিয়নের আহ্বায়ক হাকিম কবির বলেন, “সারা দেশের ক্ষুদ্র শিল্পকে সচল রাখছে এই হকাররা। দেশের অর্থনীতিতে তাদেরও অবদান রয়েছে। কিন্তু সরকার এদের বিকল্প কর্মসংস্থানের বন্দোবস্ত না করে উচ্ছেদ অভিযানে নেমেছে।”
সমাবেশে সিপিবি নেতা বিকাশ সাহা বলেন, “সরকার তাদের কর্পোরেশনের শক্তি প্রয়োগ করে তিলোত্তমা নগরীর নামে মূলত বড়লোকের বাসযোগ্য শহর গড়ে তুলতে চায়। হকাররা খাজনা দেয়, অন্যান্য নাগরিকদের মতো তাদেরও সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।”
সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াত, অভিনেত্রী সুমনা সোমা।
