২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী থেকে হুজির দুই ‘সদস্য’ গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তার দুজনের মধ্যে মো. রিদোয়ান (৩৪) নামে একজন হুজির নারায়ণগঞ্জ এলাকার কমান্ডার। গ্রেপ্তার অন্যজনের নাম জাফর আহমেদ (৩৫)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদেরকে পিবিআই ঢাকা মহানগরের একটি দল গ্রেপ্তার করে বলে পুলিশের এই ইউনিটটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, যাত্রাবাড়ী মাছ বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর দিকের ছয়তলা মৎস ভবনের পেছনের একটি টিনসেডে কয়েকজন জঙ্গি রয়েছে খবর পেয়ে সেখান অভিযান চালায় পিবিআই।

এসময় রিদোয়ান ও জাফরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই’র ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে সেখান থেকে জিহাদি সংক্রান্ত বিপুল পরিমাণ বই, মোবাইল, পেনড্রাইভ, লিফলেট, হুজির প্রচারপত্র, নগদ টাকা জব্দ করা হয়।

তারা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মানুষকে ধর্মের বিভ্রান্তিকর তথ্য দিয়ে জঙ্গি কার্যক্রমে উৎসাহ দিয়ে আসছিল বলে জানান এই পিবিআই কর্মকর্তা।  

পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, “গ্রেপ্তার দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে জঙ্গি সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।”