২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই মামলাটি এখনও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের অপেক্ষায়

বিচার শুরুর পর ১৭ বছর পেরিয়ে যাওয়া চট্টগ্রামের সন্দ্বীপের হত্যা মামলাটিতে তদন্ত কর্মকর্তাসহ চারজনের সাক্ষ্যগ্রহণ বাকি আছে, যে দেরি নিয়ে হাই কোর্ট প্রশ্ন তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিঠুন চৌধুরী, চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 08:27 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

অনুসন্ধানে দেখা যায়, মামলাটির তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্যগ্রহণ করতে একাধিকবার চট্টগ্রামের বিচারিক আদালত সমন জারি করলেও তাকে হাজির করা সম্ভব হয়নি।

গত ২৫ জুলাই শুনানির জন্য মামলাটির সর্বশেষ নির্ধারিত দিনেও তদন্ত কর্মকর্তাকে হাজির করতে সমন জারি করে এই আদালত।

তবে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে সন্দ্বীপ থানার তদন্ত কর্মকর্তার বিষয়ে কোনো তথ্য নেই। তিনি এখনও পুলিশে কর্মরত, না কি অবসরে, সে বিষয়েও কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

এই মামলার আসামিদের মধ্যে তিনজন এবং সাক্ষীদের একজন ইতোমধ‌্যে মারা গেছেন।

সোমবার হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ ১৭ বছরেও কেন মামলাটি নিষ্পত্তি হয়নি, তা জানতে চায়।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারককে দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হাই কোর্ট তিন মাসের মধ্যে এই মামলার বিচার শেষ করতে নির্দেশ দিয়েছে। তদন্ত কর্মকর্তা সাক্ষী হাজির করতে না পারলে বিচারিক আদালতের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকবে বলেও নির্দেশনা দেয়।

সন্দ্বীপ থানায় ২৩ বছর আগে হওয়া এই মামলার এক আসামির জামিন আবেদনের শুনানির সময় সোমবার হাই কোর্টের এই নির্দেশ আসে।

মঙ্গলবার চট্টগ্রামের আদালতে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ১৯৯৩ সালের ৪ অগাস্ট সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে আক্কাস উদ্দিন (৩০) নামে এক ব‌্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, স্থানীয় আবুল কাশেমের ১৫ হাজার টাকা চুরির অভিযোগে গাছুয়া ইউনিয়নের সেসময়ের চেয়ারম্যান শফিকুল আলমের বাড়িতে ডেকে নিয়ে আক্কাসকে মারধর করা হয়।

এজাহারে বলা হয়, চেয়ারম্যানের নির্দেশে তার বাড়ির সামনের গাছে বেঁধে আক্কাসকে দীর্ঘ সময় মারধর করা হয়। এরপর আবার নতুন আকবর হাট ও হক সাহেবের বাজারে নিয়েও তাকে মারধর করা হয়। ওই রাতেই আক্কাস মারা যান।

নিহত আক্কাসের বাবা আবুল খায়ের বাদী হয়ে ১৯৯৩ সালের ৭ অগাস্ট ছয়জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যামামলাটি করেন।

তদন্ত শেষে সন্দ্বীপ থানার তৎকালীন এসআই এ এইচ এম মান্নান ১৯৯৩ সালের ১৯ অক্টোবর অভিযোগপত্র দেন আদালতে। এতে আটজনকে আসামি করা হয়।

আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দফাদার শাহজাহান হক, চৌকিদার আবুল কাসেম, চৌকিদার ফয়েজ উদ্দিন আহমেদ, চৌকিদার মো. সিদ্দিক, ইউপি সদস‌্য আশ্রাফ উদ্দিন, ইউপি সদস‌্য মোমিনুল হক ফেরদৌস ও চৌকিদার সাফিউল হক।

এদের মধ্যে প্রথম তিনজন মারা গেছেন। আশ্রাফ উদ্দিন ও মোমিনুল হক ফেরদৌস জামিনে আছেন। সিদ্দিক ও সাফিউল হক পলাতক।

চলতি বছরের ১১ মে চৌকিদার ফয়েজ গ্রেপ্তার হন। নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন জানালে তা নাকচ হয়। এর বিরুদ্ধে তিনি হাই কোর্টে আবেদন করলে সোমবার তা শুনানির জন্য ওঠে।

১৯৯৯ সালে এ বিচার শুরুর পর সাক্ষ্য শুরু হয় ওই বছর ১০ অগাস্ট। নথিতে দেখা যায়, এ মামলায় ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।

এর মধ্যে মামলার বাদীসহ ছয়জন সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষী মারা গেছেন। চারজন সাক্ষীর কোনো ঠিকানা খুঁজে না পাওয়ার কথা লিখেছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তাসহ চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাকি আছে।

মামলার নথিতে দেখা গেছে, বিচারের শুরু থেকেই রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে বেশ কয়েকবার সময় প্রার্থনা করেছে। পাশাপাশি আসামিপক্ষও কয়েকবার সময় প্রার্থনা করেছে।

আসামিদের মধ্যে একমাত্র জামিনে থাকা ফেরদৌস নিয়মিত মামলার শুনানির দিনে হাজিরা দিয়েছেন।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি বিচারাধীন আছে।

এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সহকারী পিপি অজয় বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কর্মকর্তাকে হাজির করতে একাধিকবার সমন পাঠানো হয়েছে।

“ইতোমধ্যে সন্দ্বীপ থানার ওসি, জেলা পুলিশের এসপি, ডিআইজি এমনকি আইজির মাধ্যমেও প্রসেস ইস্যু (সমন) করা হয়েছে। আইওকে পাওয়া না গেলে তো প্রতিবেদন দিয়ে তা আদালতকে জানাতে হবে। সেরকম কোনো প্রতিবেদন পাইনি।”

তিনি বলেন, মামলার বাদী বিচার কাজের শুরুতে সাক্ষ্য দিয়েছিলেন। এ মামলায় বাদী পক্ষের কোনো আইনজীবীকে কখনও দেখিনি।   

“আইওকে পাওয়া না গেলে পরবর্তী পদক্ষেপ নেব। উচ্চ আদালত তিন মাসের মধ্যে বিচার শেষ করতে বলেছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ওসি মো. শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইও এ এইচ এম মান্নানের নামে কোনো সমন থানায় আসেনি।

“তিনি যেহেতু অনেক আগেই এখান থেকে বদলি হয়েছেন, তাই রিজার্ভ অফিসের মাধ্যমে তার বর্তমান কর্মস্থলে সমন পৌঁছানোর কথা।”

মান্নানের বর্তমান কর্মস্থল বা তার সঙ্গে যোগাযোগের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান ওসি শামসুল ইসলাম।

পুরনো খবর:

১৭ বছরেও মামলা অনিষ্পন্ন: বিচারকের ব্যাখ্যা চায় হাই কোর্ট