২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ বছরেও মামলা অনিষ্পন্ন: বিচারকের ব্যাখ্যা চায় হাই কোর্ট

বিচার শুরুর পর ১৭ বছর পেরিয়ে গেলেও সন্দ্বীপের একটি হত্যা মামলার নিষ্পত্তি কেন হয়নি তা জানতে চেয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারককে দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

চট্টগ্রামের সন্দ্বীপ থানায় ২৩ বছর আগে হওয়া ওই মামলার এক আসামির জামিন আবেদন শুনানিকালে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।

সেই সঙ্গে হাই কোর্ট তিন মাসের মধ্যে ওই মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়ে বলেছে, তদন্ত কর্মকর্তা সাক্ষী হাজির না করতে পারলে বিচারিক আদালতের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকবে।

মামলার নথিপত্র থেকে জানা যায়, আব্বাস উদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে ১৯৯৩ সালের ৭ অগাস্ট নিহতের বাবা সন্দ্বীপ থানায় ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই মামলায় ১৯৯৩ সালের ১৯ অক্টোবর ফয়েজ উদ্দিন আহমেদ ওরফে চৌকীদার ফয়েজসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

১৯৯৯ সালে এ বিচার শুরুর পর সাক্ষ্য শুরু হয় ওই বছর ১০ অগাস্ট। কিন্তু রাষ্ট্রপক্ষে ২৫ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র ৪/৫ জনের সাক্ষ্য হয়েছে বলে আসামিপক্ষের তথ্য।

ওই মামলায় চলতি বছরের ১১ মে গ্রেপ্তার হন আসামি চৌকীদার ফয়েজ। নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন জানালে তা নাকচ হয়। এর বিরুদ্ধে তিনি হাই কোর্টে আবেদন করলে সোমবার তা শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আনোয়ারুল ইসলাম।

শহীদুল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯৯ সালে মামলাটি বিচারে গেলেও এখনও তা শেষ হয়নি। ১৭ বছর পেরিয়ে গেলেও হত্যা মামলাটির নিষ্পত্তি কেন হয়নি- তা চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারককে দুই সপ্তাহের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।”

আবেদনকারীকে (চৌকীদার ফয়েজ) কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে এবং জবাব দিতে দুই সপ্তাহ সময় দিয়েছে বলেও জানান শহীদুল।