২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলামেইলের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল

গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র‌্যাব আটক করার পর প্রতিষ্ঠানটির নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, “সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।”

তবে কী কারণে সরকার এ পদক্ষেপ নিয়েছে- সে বিষয়ে কিছু বলা হয়নি ওই তথ্য বিবরণীতে।

টুডেনিউজ৭১ ডটকম নামের অখ্যাত এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়, যা গুজব ছিল বলে বাংলামেইল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে।

এরপর র‌্যাব-৩ এর একটি দল রোববার রাত ১১টার দিকে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে নিয়ে যায়।

র‌্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুজব ছড়ানোর অভিযোগে তাদের র‌্যাব কার্যালয়ে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের আটক বা গ্রেপ্তার করা হবে, না ছেড়ে দেওয়া হবে।”

বাংলামেইলের একজন প্রতিবেদক জানান, ওই প্রতিবেদন আসার পর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা সংবাদটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু বাংলামেইলের ঊর্ধ্বতনরা তা করেননি।

বাংলামেইল২৪ ডটকম নোয়াখালীর সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের সহযোগী অনলাইন পোর্টাল।

বিএনপি ছেড়ে নবম সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত এই ব্যবসায়ী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি।

পুরনো খবর:

গুজব ছড়ানো: বাংলামেইল সম্পাদকসহ ৩ জন র‌্যাব কার্যালয়ে