গুজব ছড়ানো: বাংলামেইল সম্পাদকসহ ৩ জন র্যাব কার্যালয়ে
গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের সম্পাদকসহ তিনজনকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাব-৩ এর একটি দল রোববার রাত ১১টার দিকে কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তাদের নিয়ে যায় বলে বাংলামেইলের একজন প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুজব ছড়ানোর অভিযোগে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের আটক বা গ্রেপ্তার করা হবে, না ছেড়ে দেওয়া হবে।”
বাংলামেইলের এক প্রতিবেদক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টুডেনিউজ৭১ ডটকম নামের অখ্যাত এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়, যা গুজব ছিল বলে বাংলামেইল একটি প্রতিবেদন প্রকাশ করে রোববার।
অখ্যাত সেই পত্রিকার ভুয়া খবরের সমালোচনা এবং আওয়ামী লীগের একজন নেতার বক্তব্যও সেখানে ছিল বলে জানান তিনি।
ওই প্রতিবেদক বলেন, বাংলামেইলে ওই প্রতিবেদন আসার পর প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা সংবাদটি সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু বাংলামেইলের ঊর্ধ্বতনরা তা করেননি।
“পরে রাত ১১টার দিকে র্যাব সদস্যরা অফিসে এসে তিনজনকে নিয়ে যায় এবং যে কম্পিউটার থেকে সংবাদটি লেখা হয়েছিল, সেটি জব্দ করে,” বলেন তিনি।
বাংলামেইল২৪ডটকম নোয়াখালীর সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন শিল্পগোষ্ঠী আজিম গ্রুপের সহযোগী অনলাইন পোর্টাল।
বিএনপি ছেড়ে নবম সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচিত এই ব্যবসায়ী পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি।
